নজরবন্দি ব্যুরো: ছুটির দিনে আচমকা পরপর বিস্ফোরণে সকাল সকালই কেঁপে উঠেছিল কেরলের কোচি। আচমকা এই বিস্ফোরণের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এই ঘটনার পিছনে কোনও জঙ্গি যোগ আছে কি না, সেই সব দিক খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু হঠাৎ ধর্মীয় অনুষ্ঠানে এমন বিস্ফোরণের ঘটনার জেরে রাজধানী দিল্লি ও বাণিজ্যনগরী মুম্বইয়ের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হল।
আরও পড়ুন: সুকান্তর নেতৃত্বে সফল অমৃত কলস যাত্রা, কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বিজেপি নেতাদের


সূত্রের খবর, রবিবার কেরলের বিস্ফোরণের ঘটনার পর থেকেই দিল্লির পাশাপাশি মুম্বই পুলিশকে সর্তক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি দুই রাজ্যেরই জনবহুল এলাকায় গুলিতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে আসা মাত্রই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

প্রসঙ্গত, রবিবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে কেরলের কালামাসেরিতে খ্রিস্টানদের ধর্মীয় সমাবেশে। এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের জেরে আহতর সংখ্যা পঞ্চাশ ছুঁইছুঁই। এই ঘটনার জেরে ইতিমধ্যেই কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সরকারি হাসপাতালে চিকিৎসকদের ছুটি বাতিল করে কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।



অন্যদিকে, গোটা ঘটনার তদন্তে নেমে সিট গঠন করেছে কেরল পুলিশ। এদিকে এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ-র দল। সূত্রের খবর, হামলার জন্য ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছিল। টিফিন বক্সের মধ্যে ভরে রাখা হয়েছিল ওই বোমাগুলি। আর সেগুলি ফেটেই বিস্ফোরণ ঘটে।
আশঙ্কা বাড়ছে জঙ্গি হামলার, বাড়ানো হল দিল্লি-মুম্বইয়ের নিরাপত্তা








