ইডির জেরা থেকে IT হানা, কোন মামলায় কেন্দ্রীয় সংস্থার নজরে TMC নেতা দেবাশিস কুমার?

জমি দখল ও জাল নথি তৈরির অভিযোগে ইডির তদন্ত, সেই সূত্রেই আয়কর দফতরের নজরে দেবাশিস কুমারের সম্পত্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে চাপ আরও বাড়ল দেবাশিস কুমার-এর উপর। আগে থেকেই ইডি (ED)-র নজরে থাকা এই তৃণমূল প্রার্থীকে ঘিরে এবার সক্রিয় আই টি (IT) দফতরও। বেআইনি জমি দখল ও আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরেই এই জোড়া তদন্তের সূত্রপাত বলে জানা যাচ্ছে।

ইডি সূত্রে খবর, শহরের ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়-এর বিরুদ্ধে জমি দখল ও জাল নথি তৈরির অভিযোগের তদন্ত করতে গিয়েই দেবাশিস কুমারের নাম সামনে আসে। অভিযোগ, অমিত গঙ্গোপাধ্যায় একাধিক জমি বেআইনিভাবে দখল করে তা পুরসভার নথি তৈরি করিয়ে অন্যদের কাছে বিক্রি করতেন।

ইডির অনুমান, পুরসভার সঙ্গে যুক্ত থাকার সুবাদে দেবাশিস কুমার এই নথি তৈরির প্রক্রিয়ায় সহায়তা করেছিলেন। যদিও এই অভিযোগ প্রমাণিত হয়নি, তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন তিনি এই প্রক্রিয়া থেকে কোনও আর্থিক সুবিধা পেয়েছেন কি না।

এই মামলায় ইতিমধ্যেই একাধিকবার ইডির দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তদন্তে সহযোগিতা করতে বেশ কিছু নথিও জমা দিয়েছেন দেবাশিস কুমার।

সূত্রের দাবি, সেই নথি খতিয়ে দেখার পরই আয়কর দফতরের নজরে আসে সম্ভাব্য হিসাব-বহির্ভূত সম্পত্তির বিষয়টি। তারই ভিত্তিতে শুক্রবার সকালে তাঁর বাড়ি ও একাধিক দফতরে তল্লাশি অভিযান চালানো হয়।

এদিকে, তল্লাশির খবর ছড়াতেই এলাকায় জড়ো হন তৃণমূল কর্মী-সমর্থকেরা। স্লোগান তুলতে শুরু করেন— “যতই কর হামলা, আবার জিতবে বাংলা।” পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে।

সব মিলিয়ে, জমি সংক্রান্ত এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর যেমন বাড়ছে, তেমনই তদন্তের জালও আরও বিস্তৃত হচ্ছে। এখন নজর, এই তদন্ত কোন দিকে মোড় নেয় এবং তার প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন