নজরবন্দি ব্যুরো: জলপাইগুড়ি শহরের ৬৭ বছরের সৌমিত্র বসাক লক্ষণ মৌলিক সরণির বাসিন্দা। সম্প্রতি হার্টের সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা তাঁকে অ্যাঞ্জিগ্রাফি করাতে বলেন। মনস্থির করেন কলকাতায় গিয়ে অ্যাঞ্জিগ্রাফি করাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর চিকিৎসা করাতে কলকাতায় যান তিনি। কারণ এই পরিষেবা জলপাইগুড়িতে পাওয়া যায় না। ভেবেছিলেন স্বাস্থ্য সাথী কার্ডেই চিকিৎসা করাবেন। কিন্তু বাড়িতে স্বাস্থ্য সাথী কার্ডটি খুঁজে পাচ্ছিলেন না তিনি।
আরও পড়ুন: IT Raid: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা, ওড়িশার ৩০০ কোটি নগদের যোগ?
যোগাযোগ করেন জলপাইগুড়ির স্বাস্থ্য সাথী দফতরে। তাঁদের কথা মতো তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন,সেই কপি ফের জলপাইগুড়ি স্বাস্থ্য সাথী দফতরে জমা দেন। এরপর তাঁকে নতুন কার্ডও দিয়ে দেওয়া হয়। নতুন কার্ড নিয়ে সৌমিত্র বাবু কলকাতার বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি তাঁর নতুন কার্ড জমা দেন। এর কিছুক্ষণ পর তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ ডেকে নেয়।

তাঁর হাতে একটি জেরক্স কপি ধরিয়ে দিয়ে বলা হয়, ‘স্বাস্থ্য সাথী কার্ড অনুযায়ী আপনি মৃত। তাই আপনাকে এই কার্ডের পরিষেবা দিতে পারব না আমরা।’ শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। এরপর তিনি ধার করে অ্যাঞ্জিগ্রাফি করিয়ে বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার এই অভিযোগ জানাতে স্বাস্থ্য সাথী দফতরের দ্বারস্থ হন তিনি। সৌমিত্র বসাক জানান, নতুন কার্ড বানাতে গেলে তাঁর কাছ থেকে ৬০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে কোনও রসিদ দেওয়া হয়নি।

Swasthya Sathi: মৃত রোগীর নতুন স্বাস্থ্য সাথী কার্ড, অভিযোগ জমা দফতরে!
নতুন কার্ড হাতে দিয়ে বলা হয়, আপনি এখন বিনামূল্যে চিকিৎসা পাবেন। কিন্তু কলকাতায় গিয়ে তিনি জানতে পারেন স্বাস্থ্য সাথী কার্ড অনুযায়ী তিনি মৃত। এর জেরে হয়রানির শিকার হতে হয় তাঁকে। তিনি বলেন, “আমি বয়স্ক মানুষ। দফতরের গাফিলতির জন্য এই জাতীয় হয়রানির শিকার কেন হতে হবে আমাকে? আমার যে টাকা খরচ হয়েছে তা আমি ফেরত চাই।”জলপাইগুড়ি স্বাস্থ্য সাথী দফতরের কিয়স্ক ম্যানেজার কৌশিক বিশ্বাস জানিয়েছেন, তাঁরা সৌমিত্র বাবুর অভিযোগ পেয়েছেন। অভিযোগ অনুযায়ী দ্রুত সমস্যা মিটিয়ে দেওয়া হবে।




