ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার উত্তাল রাজ্য-রাজনীতি। এ যেন একুশের বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি চব্বিশের লোকসভায়। রবিবার অবশেষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভ আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন। এই ভোট পরবর্তী হিংসা যে তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না তা এদিন সাফ বাংলায় জানালেন রাজ্যপাল।
আরও পড়ুন: আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু, পুজো পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী?


দিন কয়েক ধরেই রাজ্যপাল-শুভেন্দু সাক্ষাতকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজনৈতিক মহলে। আগেও রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। বোস বেরিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। এরপর কলকাতা হাই কোর্টে মামলাও করেন বিরোধী দলনেতা। আদালত দেখা করার অনুমতি দেয়। নিজে ‘গৃহবন্দি’ হয়ে পড়ায় সরব হন রাজ্যপালও। অবশেষে আজ রাজ্যপাল ও শুভেন্দুর সাক্ষাৎ হল। দু’জন রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে সূত্রের খবর।

বিগত শুক্রবার রাজ্যপাল উত্তর কলকাতার মাহেশ্বরী ভবনে গৃহহীন বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান। রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলবও করেন। এদিন সিভি আনন্দ বোস বাংলা বক্তৃতা রাখলেন যাতে গ্রাম-শহর নির্বিশেষে সমস্ত বিজেপি কর্মীদের বুঝতে সুবিধা হয়। রাজ্যপাল বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে। আমি চুপ করে বসে থাকব না। আমার সঙ্গে কেউ দেখা করতে এলে তাঁদের আটকানো উচিত নয়। আমরা বাংলাকে হিংসামুক্ত করব। আমি নেতাজি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি, শেষ পর্যন্ত লড়াই করব।”
বাংলার ভোট-হিংসা বন্ধ করবই, নেতাজি-রবীন্দ্রনাথ-বিবেকানন্দের নামে শপথ নিলেন রাজ্যপাল



রবিবার নাম মিলিয়ে মিলিয়ে রাজভবনে প্রবেশ করানো হয় আক্রান্ত বিজেপি কর্মীদের। সকলের হাতেই ছিল প্ল্যাকার্ড। শুভেন্দু নিজেও হাতে ছবি নিয়ে প্রবেশ করেন। রাজ্যপাল এসে কয়েকজনের সঙ্গে কথা বলেন। এরপর জাতীয় সংগীত দিয়ে কর্মসূচি শুরু হয়। শুভেন্দু আক্রান্তদের একটি তালিকা তুলে দেন বোসের হাতে। সেখানে ১০২৫ জনের অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল।







