ভোট যত এগোচ্ছে, ততই জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলে চাপ বাড়ালেন মহম্মদ সেলিম। প্রদেশ কংগ্রেস সভাপতির ভূমিকা ও সিদ্ধান্তহীনতা নিয়ে সরব হয়ে সিপিএমের রাজ্য সম্পাদক স্পষ্ট করে দিলেন—বামফ্রন্ট আর অনির্দিষ্ট অপেক্ষায় থাকবে না।
কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সিপিএমের অবস্থান যে আর ধোঁয়াশায় নেই, তা কার্যত বুঝিয়ে দিলেন সেলিম। খানিক খোঁচা দিয়েই তাঁর মন্তব্য, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির তৃণমূলের প্রতি ‘অতিরিক্ত দরদ’ রয়েছে। সেলিমের সাফ কথা,
“আমি কাউকে ছাড়ছি না, আবার কাউকে পায়েও ধরতে পারব না। কংগ্রেসকে সিদ্ধান্ত নিতেই হবে। বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করতে পারে না।”


সাধারণত জোট রাজনীতিতে সুমধুর সম্পর্কই হয় মূল শর্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেলিমের বক্তব্যের ভাষা ও তীব্রতা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, ভোটের মুখে কংগ্রেস–সিপিএম সম্পর্ক ধীরে ধীরে অম্লমধুর হয়ে উঠছে। ফলে জোট আদৌ সম্ভব কি না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সেলিম স্মরণ করিয়ে দেন, আগের অভিজ্ঞতার কথাও। তাঁর দাবি,
“অধীর চৌধুরী যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, তখন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। কিন্তু এখন যিনি সভাপতি হয়েছেন, সেই শুভঙ্কর সরকার নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। মনে হচ্ছে, এআইসিসি কী বলবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন।”
এরপর নিজের অবস্থান আরও স্পষ্ট করে দেন সিপিএম নেতা। তাঁর বক্তব্য,
“আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। কংগ্রেসকে ঠিক করতে হবে তারা বিজেপির সঙ্গে যাবে, তৃণমূলের সঙ্গে যাবে, না বামেদের সঙ্গে। আমরা চাই বিজেপি ও তৃণমূল-বিরোধী সব শক্তি এক হোক।”


রাজনৈতিক সূত্রের খবর, কংগ্রেসের অন্দরেই এই প্রশ্নে দ্বিধা স্পষ্ট। অধীর চৌধুরী শিবির জোটের পক্ষে থাকলেও, শুভঙ্কর সরকার শিবির ‘একলা চলো’ নীতির পক্ষেই জোর দিচ্ছে। যদিও দলীয় ভাবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত অবস্থান প্রকাশ্যে আসেনি।
এই প্রসঙ্গ টেনেই সেলিম ফের খোঁচা দিয়ে বলেন,
“শুভঙ্কর বাবু যদি না চান আর অধীর বাবু যদি চান, সেটা কংগ্রেসের অন্দরের ব্যাপার। আমরা শুধু বলেছি—আগে অবস্থান পরিষ্কার করুন যে আপনারা বিজেপি ও তৃণমূলের বিরোধী। কিন্তু শুভঙ্করবাবু এখনও ওজন করে দেখছেন, কার সঙ্গে গেলে লাভ হবে। রাজনীতি এভাবে হয় না।”
সব মিলিয়ে, ভোটের আগে বাম–কংগ্রেস জোট নিয়ে অনিশ্চয়তা আরও প্রকট হল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।








