সিপিএমের রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন দলের তরুণ মুখ প্রতীক উর রহমান। সূত্রের খবর, তিনি আগেই শীর্ষ নেতৃত্বের কাছে চিঠি দিয়ে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, সাম্প্রতিক সময়ে জেলা ও রাজ্য নেতৃত্বের একাধিক ভাবনা এবং কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। এই মানসিক দ্বন্দ্বের মধ্যেই তিনি জেলা ও রাজ্য কমিটির দায়িত্বের পাশাপাশি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয়, কিছুদিন আগেই দলের এক তরুণ নেতার সঙ্গে প্রতীক উরের মতবিরোধের খবর সামনে আসে। সেই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, “নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।” যদিও সেখানে কারও নাম তিনি উল্লেখ করেননি, তবু তা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল।


প্রসঙ্গত, বামেদের এই তরুণ নেতা একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। জিততে না পারলেও তাঁর লড়াকু মনোভাব এবং সক্রিয় উপস্থিতির জন্য এলাকায় তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। বিধানসভা ভোটের আগে তাঁর এই ইস্তফা বাম শিবিরে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
তবে এখনও পর্যন্ত প্রতীক উর রহমান বা দলের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










