নজরবন্দি ব্যুরো: “চোর তাড়াও বেহালা বাঁচাও!” নাম না করেই পার্থ চট্টোপাধ্যায়কে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার পড়ল এলাকায়। সম্প্রতি বামেদের এমনই পোস্টার নজরে এসেছে বেহালায়। পোস্টারে নাম না থাকলেও, সেটি যে জেলবন্দি বিধায়কের নাম উল্লেখ করেই করা হয়েছে, সেটা বুঝতে কোনও অসুবিধা নেই।
আরও পড়ুন: Cleiton Silva: কোচ লোবেরার প্রশংসায় পঞ্চমুখ লাল-হলুদ অধিনায়ক! কি বললেন তিনি?



ওই পোস্টারে বড় বড় করে লেখা আছে, “চোর তাড়াও বেহালা বাঁচাও!” তাছাড়াও পোস্টারের নীচে লেখা আছে, “পরিষেবা কোথায় পাই, এলাকায় বিধায়ক নাই, চোর বিধায়কের পদত্যাগ চাই।”



প্রসঙ্গত, গত বছর জুলাই মাসের ২৩ তারিখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর পাশাপাশি গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা। উদ্ধার হয় কোটি কোটি টাকা! এরপরেই ২৯ জুলাই তাঁকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। আর দেখতে দেখতে প্রায় নয় মাস হল বেহালা পশ্চিমকেন্দ্রে বিধায়ক না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী।
নাম না করে পার্থকে চোর আখ্যা, ইস্তফার দাবিতে সরব হয়েছে বেহালা পশ্চিমের সিপিএম

আর এই সমস্যার কথা তুলেই পার্থর ইস্তফার দাবিতে সরব হয়েছে বেহালা পশ্চিমের সিপিএম। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১১৮, ১১৯ এবং ১২৫-১৩২ নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি বেহালা পশ্চিম বিধানসভা। এই ১০ টি ওয়ার্ড জুড়েই পোস্টারগুলি দেওয়া হয়েছে। আর এই পোস্টারের জেরেই নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে!








