নজরবন্দি ব্যুরোঃ দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। ইতিমধ্যেই করোনার নয়া প্রজাতি ভারতে ঢুকে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমিত হয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কিত দেশবাসী। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮৪০ জন।
আরও পড়ুনঃ ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?


গতকালের তুলনায় যা সামান্য বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৮। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.২৯ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬।

দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ বেশ চিন্তায় ফেলেছে। দৈনিক সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৩১০ জন। দ্বিতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৯৫০ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (২৯৪৪), তামিলনাড়ু (২৭২২) এবং কর্নাটক (১০৩৭)। দিল্লির দৈনিক সংক্রমণ অবশ্য নিয়ন্ত্রণে রয়েছে।



দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, বাংলা উঠে এলো দ্বিতীয় স্থানে

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬,১০৪ জন। দেশে এখনও অবধি সুস্থ ৪ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৯৮০ জন।এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ৬৫ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১২ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৫৪ হাজার ৭৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।







