নজরবন্দি ব্যুরোঃ কোভিড বিধি মেনেই হবে মাধ্যমিক! ধীরে ধীরে সুস্থ হচ্ছিল সবকিছু, এই কয়েকদিনে কোভিড প্রোটোকল মেনেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল রাজ্যে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের বেসামাল সবকিছু। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘোষণা করা হয়েছে বিদ্যালয় বন্ধেরকথা। একে একে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেনির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে CBSE,ICSC এবং ISC।
আরও পড়ুনঃ বাংলার মন্ত্রীর ভিডিও ফাঁস করছেন দিল্লীর BJP বিধায়ক! ফিরহাদ বলছেন এসব মিথ্যে।


উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধির কারণে বিদ্যালয় গুলি আজ থেকেই স্কুলে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছে। পুনরায় ছুটি ঘোষণার ফলে চিন্তায় পড়েছিল পড়ুয়ারা। রাজ্যে আক্রান্তের নিরিখে এই মুহুর্তে সবচেয়ে এগিয়ে আছে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। পরিস্থিতিতে লাগাম দিতে আজই সমস্ত CMOH দের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
আচমকা বিদ্যালয় বন্ধ হওয়ায় অনেকে ভাবছিলেন মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে। তবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনও খবর এখনও স্কুল শিক্ষা দফতর বা রাজ্য প্রশাসনের থেকে তারা পায়নি। সূচি অনুযায়ী, আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। যেহেতু ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চলেছে পর্ষদ।
জানা গিয়েছে, এই ভয়াবহ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের অন্য একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। কোভিড বিধির কথা মাথায় রেখেই এবার বাড়ানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। মোট ৪২০০ কেন্দ্রে হবে পরীক্ষা। পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে যথাযথ দূরত্ব রেখেই বসার ব্যবস্থা করা হবে। দু’ প্রান্তে দু’ জন পরীক্ষার্থী বসবে ৮ ফুটের এক একটি বেঞ্চে।


কোভিড বিধি মেনেই হবে মাধ্যমিক! পর্ষদের পরিকল্পনা ৬ ফুটের বেঞ্চ হলে একজন করে পরীক্ষার্থীকে বসানো হবে। ঘরের সাইজের উপর নির্ভর করবে কতজন ছাত্র ছাত্রী সেই ঘরে বসবেন। হিসেব অনুযায়ী প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ২০০-২৫০ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষক-শিক্ষিকারা গ্লাভস পরে ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র দেবেন। কোভিড প্রোটোকল মেনে নির্দিষ্ট সূচিতে পরীক্ষা গ্রহণের জন্যই প্রস্তুত হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ।







