বড় আনন্দের খবর শোনাল এসএসসি। পুজোর আগেই হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগেই ৩ এবং ৪ অক্টোবর কাউন্সেলিং হবে উচ্চ প্রাথমিকের। পুজোর পরে আরও তিন দফা কাউন্সেলিং হবে বলে জানাল এসএসসি। নিয়োগের জন্য দীর্ঘ প্রায় ৯ বছর ধরে প্রতীক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
আর এবার প্রকাশ করা হল বিজ্ঞপ্তি। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯। তবে হাই কোর্টের নির্দেশে বুধবার ১৪ হাজার ৫২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আর শুক্রবার নিয়োগ প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে দেওয়ার জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হল। সকাল সাড়ে ১০টা থেকে আচার্য সদনে এই কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছে।
পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত আসন রয়েছে বলে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। পুজোর আগে দু’টি দিন মাত্র ৫০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। আর দুর্গা পুজোর পর বাকি তিন দিনে ৭০০ থেকে ৮০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করা যাবে কাউন্সেলিং-এর ইন্টিমেশন লেটার।
২০১৫ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। অর্থাৎ প্রায় ৯ বছর পর এই পরিস্থিতি চাকরির আশা দেখছেন প্রার্থীরা। হাইকোর্ট রায় দেওয়া পর নিয়োগে আর কোনও বাধা ছিল না। কিন্তু এই মামলা পৌঁছে যায় শীর্ষ আদালতে। ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আগামী ২১ নভেম্বরের মধ্যেই ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগে চাকরি সুনিশ্চিত করতে হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯।



