নজরবন্দি ব্যুরোঃ শনিবার টিকার নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই লিমিটেড একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে দেশে সকলেরই বুস্টার ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স টিকা নিতে পারবেন। কোভিশিল্ড হোক বা কোভ্যাক্সিন, দুই টিকা প্রাপকরাই বুস্টার ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স টিকা নিতে পারবেন।
আরও পড়ুনঃ দেশ জুড়ে চার হাজারের বেশি করোনা আক্রান্ত, চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র


তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পর কোর্বেভ্যাক্স টিকার ডোজ নেওয়া যাবে। ভারতের বায়োটেকনোলজি দপ্তরের সহযোগিতায় বায়োলজিক্যাল-ইর তৈরি এ প্রতিষেধকের কাজের ধরন কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের মতো অন্যান্য করোনা টিকার চেয়ে কিছুটা আলাদা।

কোর্বেভ্যাক্স সরাসরি স্পাইক প্রোটিন ঢুকিয়ে দেয় শরীরে। তা থেকে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। অন্য টিকা স্পাইক প্রোটিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিন্ন উপায়ে। কোর্বেভ্যাক্সের পদ্ধতি অনেক বেশি নিরাপদ বলে দাবি সংস্থাটির বিশেষজ্ঞদের একাংশের।



বায়োলজিক্যাল-ই বলছে, তাদের টিকা ৯০ শতাংশ সফল। এর আগে গত এপ্রিলে ডিজিসিআই ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য কোর্বেভ্যাক্স ব্যবহারের অনুমতি দিয়েছিল। আগে ১২-১৪ বছরের মধ্যে দেওয়ার অনুমতি ছিল।

বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র পেল কোর্বেভ্যাক্স
এবার তা প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্যেও অনুমতি দিল কেন্দ্র। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, দ্রুত ‘হর ঘর দস্তক ২’ কর্মসূচি শুরু হবে দেশে। ষাটোর্ধ্ব ব্যক্তি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে।







