নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীল বাম আমল থেকেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কাজ করতেন, সোমবার এমন নথি সামনে আসার পর বিতর্ক শুরু হয়েছে। যদিও এই নথির সত্যতা যাচাই করেনি নজরবন্দি ডট ইন।
আরও পড়ুনঃ সুজন, শুভেন্দু, দিলীপ বাবুরা নিজেদের দিকে দেখুন! আদালতে যাবার পথে বিস্ফোরক পার্থ



ওই নথি অনুযায়ী, চুঁচুড়ার ১৪৫, জগুদাস পাড়ার ঠিকানায় মেসার্স এবিএস ইনফোজো প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা হুগলি জেলায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করিয়েছে। এই সংস্থার যে ঠিকানা, সেটাই অয়ন শীলের বর্তমান সংস্থার ঠিকানা, এমনটাও জানা গিয়েছে।



পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গত ২০০৯ সালের ২০ আগস্ট ওই সংস্থাকে শংসাপত্র দিয়ে লিখছেন, ২০০৬ সালে গোটা জেলায় বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে এবিএস ইনফোজো। এই কাজে তারা অত্যন্ত দক্ষ, তাদের সাফল্য কামনা করি। ED-র দাবি রাজ্যের ৬০ টি পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছে। আর এই বিষয়ের উপর নজর রাখছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
হাকিম জানিয়েছেন, “আমি গোটা বিষয়টার উপর নজর রেখেছি। দফতরকে বলেছি ইডি যে পুরসভাগুলোর দিকে অভিযোগের আঙুল তুলছে তাদের থেকে ফাইল আনাও। কি হয়েছে, না হয়েছে তা খতিয়ে দেখা হবে।” ইডি সূত্রে খবর, ম্যারাথন তল্লাশিতে অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে পুরসভায় নিয়োগের যে নথি মিলেছে তার মধ্যে রয়েছে ২০০৬ এমনকি ২০০৮ সালের নথিও।
পুরসভায় নিয়োগে বাম আমলেও দুর্নীতি? কী বললেন পুর নগরোন্নয়ন মন্ত্রী

উল্লেখ্য সে সময় পুরসভায় ক্ষমতায় ছিল বামেরা। তবে এখনই বামেদের দিকে অভিযোগের আঙুল তুলতে রাজি নন মেয়র। ফিরহাদ হাকিম জানিয়েছেন, যখন আমি মেয়র ছিলাম না তখন কি হয়েছে বলতে পারবো না। যে সমস্ত পুরসভায় নিয়োগ নিয়ে অভিযোগ করছে ইডি তার মধ্যে রয়েছে দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর পুরসভা।







