নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় ৭৩ টি মৃত্যুর রেকর্ড! এই প্রথমবার এক দিনে এতজন করোনা আক্রান্তের মৃত্যু হল বাংলায়। চিকিৎসকরা বলছেন সবার টেস্ট হলে দেখা যাবে, প্রতি পাঁচজনের একজন পজিটিভ! নজিরবিহীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলা। তারওপর অক্সিজেন সঙ্কটে এদিন প্রাণহানি ঘটেছে রাজ্যে। রামপুরহাট সুপার স্পেসালিটি হাসপাতালে অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে চার জন করোনা আক্রান্তের।
আরও পড়ুনঃ জাতীয় বিপর্যয়ের সময় রাজনীতি? ভ্যাকসিনের দামে বৈষম্য নিয়ে কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের।
এদিকে রাজ্যে করোনার বাড়বাড়ন্তর জন্য নির্বাচন কমিশন কে দায়ী করেছেন চিকিৎসকরা। ডাক্তার কুণাল সরকার সরাসরি কাঠগড়ায় তুলেছেন নির্বাচন কমিশন কে। বাংলার এত বড় ক্ষতির জন্য কমিশনকে কাঠগড়ায় তোলা উচিত বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, “বাংলার বুকে কমিশন যে অরাজকতা চালিয়ে গেল, মন্বন্তরের সময় উইনস্টন চার্চিলও চালিয়ে যাননি। ওরা যা করেছে, তা সম্পূর্ণ ভুল। সাহস থাকলে আমার সঙ্গে প্রকাশ্যে আলোচনায় বসুন। চ্যালেঞ্জ রইল।”
এদিকে রাজ্যে অব্যাহত করোনার লাগামহীন সংক্রমণ। রোজই নিত্য নতুন রেকর্ড তৈরী হচ্ছে। রাজ্যের সব জেলাতেই এদিনও অব্যাহত রয়েছে সংক্রমণের গতি। প্রথম ঢেউ এর কলকাতা উত্তর ২৪ পরগণা আর হাওড়া কে দ্বিতীয় ঢেউতে পাল্লা দিচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম বা পশ্চিম বর্ধমানের মত জেলা। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৮ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৯৩৯ এবং ৯১৯। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৮৪৩ এবং ৮৬২ জন।
রাজ্যে আজ সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৩ জন জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৬১৫ জন। ২৪ ঘন্টায় ৭৩ টি মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৮২ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৬৬৪ জন।
আজকের ১০ হাজার ৬৬৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৬৪ হাজার ৬৪৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৫ হাজার ২৮৭ টি। যা গতকালের থেকে প্রায় ৭ হাজার বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লক্ষ ৭০ হাজার ৬৪৫ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৫৬ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৫.৬১ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।



