নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় ৬৮ টি মৃত্যুর রেকর্ড! এই প্রথমবার এক দিনে এতজন করোনা আক্রান্তের মৃত্যু হল বাংলায়। চিকিৎসকরা বলছেন সবার টেস্ট হলে দেখা যাবে, প্রতি পাঁচজনের একজন পজিটিভ! নজিরবিহীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলা। ২৬ এপ্রিল রাজ্যে সংক্রমিতের সংখ্যা যেখানে ১৬ হাজার ছুঁইছুঁই, সেখানে ঠিক এক মাস আগে গত ২৫ মার্চ সংক্রমিত হয়েছিলেন মাত্র ৫১৬ জন। অর্থাৎ, সংক্রমণের সংখ্যাটা ছিল ৩১ গুণ কম। একমাস আগে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৫০ জন। আর এদিন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজারের বেশি।
আরও পড়ুনঃ গদ্দারদের ক্ষমা নয়, শেষদিনের প্রচারে ফের স্পষ্টভাবে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।


এদিকে করোনা ঠেকাতে নয়া নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে, বাড়ির বাইরে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ববিধিও মেনে চলতে হবে। কেউ মাস্ক না পরলে বা সামাজিক দূরত্ববিধি না মেনে চললে পুলিশকে তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। মাস্ক না পরায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে গ্রেফতার হয়েছে কয়েকশো নিয়মভঙ্গকারী।
রাজ্যের সব জেলাতেই এদিনও অব্যাহত রয়েছে সংক্রমণের গতি। প্রথম ঢেউএর কলকাতা উত্তর ২৪ পরগণা আর হাওড়া কে দ্বিতীয় ঢেউতে পাল্লা দিচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম বা পশ্চিম বর্ধমানের মত জেলা। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৫ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৯১৪ এবং ৯৮২। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৭০৪ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৮১৮ এবং ৭৭০ জন।
রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ১৬ হাজার, আজ সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯৯২ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৯৪ হাজার ৯৪৯ জন। ২৪ ঘন্টায় ৬৮ টি মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৯ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭৭৫ জন।


আজকের ৯ হাজার ৭৭৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৫৩ হাজার ৯৮৪ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৮ হাজার ৬৬২ টি। যা গতকালের থেকে প্রায় ৭ হাজার কম। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লক্ষ ১৫ হাজার ৩৫৮ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৪৪ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৬.০৬ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।








