২৪ ঘন্টায় ৩৪ টি মৃত্যু, প্রায় ৮ হাজার সংক্রমণ নিয়ে করোনায় বিধ্বস্ত বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় ৩৪ টি মৃত্যু, ভাঙল যাবতীয় রেকর্ড। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই পেরিয়ে গিয়েছে সাড়ে ৭ হাজারের গণ্ডি, আজ তো প্রায় আট হাজার ছুঁই ছুঁই। কোন পথে ঠেকান সম্ভব হবে করোনা ভাইরাস কে তা নিয়ে শঙ্কিত রাজ্যের চিকিৎসক মহল। হাসপাতালে বেড অপ্রতুলতার কারনে রাজ্যে একাধিক কোভিড হাসপাতাল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ ভয়ানক তথ্যে আলোড়িত বিশ্ব, করোনার জীবাণু বায়ুবাহিত জানাল ল্যানসেট!

ভাইরাসের দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে যাচ্ছে জনমানসে। আগে জানা গিয়েছিলো একের থেকে এক সংক্রমণ ছড়াচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে তা একের থেকে অগণিত ছড়াচ্ছে। অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ। চিকিৎসকরা বলছেন এভাবে সংক্রমণ ছড়াতে থাকলে হাসপাতালে বেড পাওয়াই মুশকিল হবে। এদিকে রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে।

গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে ব্যাপকভাবে বেড়েছে সংক্রমন। উত্তর থেকে দক্ষিণ, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৮ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৯ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৪৩২ এবং ৪৯১। এদিন বীরভূমে আক্রান্ত হয়েছেন ৪০৬ জন।

আজ রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭১৩ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৫১ হাজার ৫০৮ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪৫ হাজার ৩০০ জন। ২৪ ঘন্টায় ৩৪ টি মৃত্যু হয়েছে বাংলায়। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৪০ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৪২৬ জন। যা সংক্রমণের গতির অর্ধেকেরও কম।

আজকের ৩ হাজার ৪২৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৬৬৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৬ হাজার ৯৭১ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ লক্ষ ৬২ হাজার ৮৬ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৬৭ শতাংশ। রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৯১.৪৩ শতাংশ মানুষ। যা কয়েকদিন আগেও ছিল প্রায় ৯৮ শতাংশ।

0002 1 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত