নজরবন্দি ব্যুরো: মুম্বাই থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি সরাতে দেওয়া হবে না, সাফ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউড ক্ষতবিক্ষত হচ্ছে। বিতর্কে জড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। কিন্তু তা নিয়ে নিয়ে মুখ খোলেননি।
আরও পড়ুনঃ নয়া লোগো সহ “এস সি ইস্টবেঙ্গল” নামে নতুন রূপে আইএসএলে লাল হলুদ ব্রিগেড
এই বছর গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে নয়ডায় দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যার অর্থ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় অংশ উত্তরপ্রদেশে টেনে নেওয়া।এ নিয়ে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের তরজা তুঙ্গে। ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বই থেকে সরিয়ে নেওয়ার নেপথ্যে বিজেপি–র চক্রান্ত দেখছে শিবসেনা।মুম্বইয়ের মাল্টিপ্লেক্স ও সিনেমা হলের মালিকরা উদ্বিগ্ন। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে উদ্বেগ জানান তাঁরা। তাঁদের আশ্বস্ত করার পাশাপাশি পরোক্ষে বিজেপি–কে বিঁধেছেন উদ্ধব।
মুম্বাই থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি সরানোর চক্রান্ত বরদাস্ত করা হবে না; মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব বলেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিতে চাইলে, ইন্ডাস্ট্রিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে চাইলে তা বরদাস্ত করা হবে না। মুম্বই বাণিজ্যনগরীই শুধু নয়, পাশাপাশি বিনোদনের প্রাণকেন্দ্র। বলিউডের খ্যাতি দুনিয়া জোড়া। ফিল্ম ইন্ডাস্ট্রি অসংখ্য মানুষের রুটিরুজির জায়গা। গত কয়েকদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম করার, ইন্ডাস্ট্রিকে হেয় করার চেষ্টা চলছে। এটা খুব কষ্টের।’ মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক বলেন, ‘নানাভাবে বলিউডের দুর্নাম করা, তাকে মুম্বই থেকে উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা এটা করতে দেব না।’



