নজরবন্দি ব্যুরোঃ ঝালদা পুরসভায় তৃণমূল অথবা কংগ্রেস কোনও দলই নিজেদের পছন্দের পুরপ্রধান দিতে পারবে না। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ, ঝালদা পুরসভা নিয়ে ডিভিশন বেঞ্চে কংগ্রেস। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী সোমবার মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুনঃ Jeetu-Nabanita: নবনীতাকে হেনস্থার ঘটনায় গ্রেফতার ৪, অভিযুক্ত পুলিশের বিরুদ্ধেও পদক্ষেপ
গত সোমবার অমৃতা সিংহ জানিয়েছিলেন, আগামী একমাসের জন্য ঝালদা পুরসভার দায়িত্ব সামলাবে জেলাশাসক। সেই বিষয়টিকে মানতে নারাজ আস্থা ভোটে জয়ী কংগ্রেস। ইতিমধ্যেই বোর্ড গঠন করেছে তাঁরা। শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান হিসাবে মনোনিত করেছিল কংগ্রেস। অন্যদিকে, জবা মাছোয়াকে চেয়ারপার্সন হিসাবে বেছে নেওয়া হলেও তাঁরও কোনও গুরুত্ব থাকছে না।

উল্লেখ্য, পুরভোটের পর থেকেই রাজ্য রাজনীতিতে নজর কেড়েছিল ঝালদা পুরসভা। নিহত কাউন্সিলর তপন কান্দুর সেই ঝালদা পুরসভা এখন রাজ্য রাজনীতির নজরে। ১২ আসনের ঝালদা পুরসভায় তৃণমূল ও কংগ্রেস ৫ টি করে আসনে জয়লাভ করে। বাকি দুটি জেতে নির্দল। সেখানে প্রথমে তৃণমূলের বোর্ড গঠন করে। পরে তৃণমূলের চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা এনেছিল বিরোধীরা।

গত মাসেই তৃণমূল পুর প্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস সহ নির্দলের কাউন্সিলররা। পরবর্তীতে নতুন পুরপ্রধান বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জটিলতা আরও বাড়তে শুরু করেছিল। ২১ নভেম্বর কংগ্রেস আস্থাভোটে সংখায় গরিষ্ঠতা প্রমাণ করে। তৃণমূলের সঙ্গ ত্যাগ করেন নির্দল প্রার্থী শীলা চট্টোপাধ্যায়। পরে সাত কাউন্সিলরের সমর্থনে ৩ ডিসেম্বর পুরপ্রধান পদে নির্বাচিত হন শীলা চট্টোপাধ্যায়।
ঝালদা পুরসভা নিয়ে ডিভিশন বেঞ্চে কংগ্রেস, সোমবার শুনানি

প্রশাসক পদে জবা মছুয়াকে আনার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। রাজভবনের হস্তক্ষেপ চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জোড়া চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, সমস্ত পুর বিধি-আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচিত পুরপ্রধানের বদলে ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস।



