নজরবন্দি ব্যুরো: বুথ ফেরত সমীক্ষা বলছে, তেলেঙ্গানায় জিতবে কংগ্রেস। আর তা বেশ বিপুল মার্জিনেই। আর এবার গণনার দু’দিন আগেই সরকার গঠনের কাজ শুরু করে দিল হাত শিবির। সে রাজ্যে কংগ্রেসের অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি সাফ জানিয়েছেন, রাজ্যে ক্ষমতায় আসছে কংগ্রেসই। তাই মন্ত্রিসভা গঠনের কাজও তিনি শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: লোকসভার আগে স্বস্তি শাসক শিবিরে, Tamluk সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়ী TMC


তেলেঙ্গানায় মোট আসন সংখ্যা ১১৯। সরকার গঠন করতে ৬০ জন বিধায়ক প্রয়োজন। এই মুহূর্তে সরকারে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, তেলেঙ্গানায় এই নির্বাচনে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস এর সরকার গঠনের সম্ভাবনা কম। অনেকখানি এগিয়ে রয়েছে কংগ্রেস। চাণক্যর মতে, তেলেঙ্গানায় কংগ্রেস জিতে পারে কমবেশি ৭১টি আসনে। অন্যদিকে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস পেতে পারে ৩৩টি আসন। বিজেপি পেতে পারে মাত্র ৭টি আসন এবং অন্যান্যরা ৮টি।

যদিও রেবন্ত রেড্ডি দাবি করেছেন, ১১৯ আসনের মধ্যে অন্তত ৮০টিতে জিতবে কংগ্রেস। রেবন্ত এ বার নিজের পুরনো বিধানসভা কেন্দ্র কোডনগলের পাশাপাশি, কামারেড্ডি থেকেও প্রার্থী হয়েছেন। সেখানে তাঁর লড়াই খোদ মুখ্যমন্ত্রী কেসিআর-এর বিরুদ্ধে। যদি সমীক্ষার ফল বাস্তবে মিলে যায়, তাহলে তেলেঙ্গানায় প্রথম বার সরকার গড়বে কংগ্রেস।



সমীক্ষা বলছে তেলেঙ্গানায় জিতবে কংগ্রেস, গণনার আগেই সরকার গড়ার প্রস্তুতি হাত শিবিরের

রাজস্থান, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা, ছত্তীসগঢ় এবং মিজোরাম– এই পাঁচ রাজ্যের ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩ ডিসেম্বর। তার আগেই কোন রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে, তার একটা আভাস পাওয়া গিয়েছে বুথ ফেরত সমীক্ষায়। তেলেঙ্গানায় যেমন কংগ্রেসের পাল্লা ভারী সেরকমই মধ্যপ্রদেশ ও রাজস্থানে কিন্তু বিজেপিই এগিয়ে। অন্যদিকে, ছত্তিশগঢ়ে কংগ্রেস জিততে পারে এবং মিজোরামে জিততে পারে জোরাম পিপপলস মুভমেন্ট। এখন আসল ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরও দু’দিন।







