নজরবন্দি ব্যুরো: এবার অসমে বিজেপিকে কোণঠাসা করতে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল কংগ্রেস শিবির। সম্প্রতি এক সমীক্ষায় দেখা মিলেছে যে আসন কম হলেও অসমে ফের একবার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। যদিও সেই সম্ভাবনাকে সমূলে ধ্বংস করতে অসমে সিপিএম-সহ ৫টি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ল কংগ্রেস। জানা গিয়েছে, সম্প্রতি গুয়াহাটিতে আয়োজিত একটি সাংবাদিক বৈঠক থেকে একথা ঘোষণা করে দল।
আরও পড়ুন: সিএবি’র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে যোগ দিলেন তৃণমূলে
এ বিষয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বোরা জানান, জোট প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তারপর ঠিক হয় যে আসন্ন অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট, সিপিআই, সিপিআই (এম), সিপিআই (এমএল) ও আঞ্চলিক গণ মঞ্চের সঙ্গে জোট গড়বে কংগ্রেস।’ রাজ্যসভা সাংসদের আরও বক্তব্য, ‘বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। তাই রাজ্যের শাসকদলকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমাদের লড়াইয়ে আঞ্চলিক দলগুলিকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের ভালর জন্যই সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে চাইছি আমরা।’
বিজেপিকে কোণঠাসা করতে বড় পদক্ষেপ, প্রসঙ্গত, ২০১৬ সালের অসম বিধানসভা নির্বাচনে ৮৯টি আসনে লড়াই করে ৬০টি আসনে জয়লাভ করেছিলে গেরুয়া শিবির। আর ১৪টি আসনে জয়ী হয়েছিল অসম গণপরিষদ। অন্যদিকে ১২২টি আসনে প্রার্থী দিয়ে ২৬টিতে জয়ী হয়েছিল কংগ্রেস শিবির। এর পাশাপাশি সেই সময়ে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ পেয়েছিল ১৩টি আসন।



