নজরবন্দি ব্যুরোঃ ভোটের দিন ঘোষণা হয়েছে বেশ কিছু দিন আগে। তার পর থেকেই একপ্রকার সরগরম ভবানীপুর, সামসেরগঞ্জ, জঙ্গীপুর। মুর্শিদাবাদের দুই কেন্দ্রে এবার পূর্ণাঙ্গ ভোট হবে, তার সঙ্গেই উপনির্বাচন হবে ভবানীপুরে।
আরও পড়ুনঃ কোর্টে আসছেন না অথচ প্রেস মিট করছেন! মুকুলের ‘অসুস্থতা’ তত্ব খারিজ আদালতে
তৃণমূলের হয়ে ভবানীপুর থেকে লড়বেন খোদ মমতা। এদিকে ভোট পুজোর পরে পরেই বাংলায় আসছে দুর্গা পুজো। গতকাল নেতাজী ইন্ডোরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গত বছরের মতোই এবছরেও রাজ্যের সব ক্লাবগুলিকে ৫০ হাজারের স্বল্প অনুদান দেবে সরকার। পুজো হতে হবে ভালো ভাবে।
আর তার পরেই বিজেপি লিখিত অভিযোগ দায়ের করেছে কমিশনে। বিজেপির যুক্তি, ৩৬ হাজার এমন ক্লাবের মধ্যে কলকাতা পুরসভা এলাকায় রয়েছে প্রায় ২,৫০০ ক্লাব। ভবানীপুর উপনির্বাচনের আগে এই অনুদান ঘোষণা প্রভাব ফেলতে পারে ভোট যুদ্ধে। একই সঙ্গে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই তিন কেন্দ্রের ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়েছে।
ভোটের দিন ঘোষণার পর অনুদান ঘোষণা করেছেন মমতা, জবাব চাইছে কমিশন।
বিজেপির অভিযোগের পরেই কারণ জানতে চেয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর বিজেপির অভিযোগের পরেই এবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার কাছে জবাব চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রশ্ন ভোটের নির্ঘন্ট জারি হওয়ার পরে কেনো রাজ্যের ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।
যদিও বিজেপির এই অভিযোগের পর থেকেই বাংলায় বিজেপির মনোভাব হিন্দুত্ব বিরোধী বলে ট্যুইটে একের পর এক আক্রমণ করেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। দলের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে ট্যুইট করে লেখা হয়েছে, ‘হিন্দু সংস্কৃতি ও মূল্যবোধের স্বঘোষিত ধারক-বাহকরা কোনও ভাবেই হিন্দুত্বকে বোঝে না। হিন্দুদের উৎসবকে সম্মান করতেও ভুলে গিয়েছে ওরা। মা দুর্গা এবং বাংলার ঐতিহ্য সম্পর্কে তাদের শ্রদ্ধার বহর প্রকাশ হয়ে গেল!’



