ভাবমূর্তি ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তাই যেন অতি সক্রিয় হয়ে নিজেদের মুখরক্ষা করতে হল রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রীর ঝাড়খণ্ড সফরে জুড়ল নয়া পালক। প্রশাসন সূত্রে খবর, এবার আদিবাসী সম্প্রদায়ের নেতা বীরসা মুন্ডার পাঁচটি মূর্তির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের চারটি জায়গা এবং উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ারের মাদারিহাটে মূর্তিগুলি স্থাপন করা হবে। নজরে আদিবাসী ভোট।
আরোও পড়ুনঃ টেলিভিশন চ্যানেল দেখবেন না, শিশু দিবসের মঞ্চ থেকে বললেন মমতা


মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালি একসঙ্গে মূর্তিগুলির উদ্বোধন করবেন। এই মুহূর্তে মন্ত্রী অখিলের মন্তব্যে মুখ পুড়েছে শাসক দলের। যদিও বারবার ক্ষমা চেয়েও কোনো লাভ হয়নি। অখিলের মন্তব্যের দায় দল বহন করবে না একত্থা জানানোর পরেও যেন সম্পূর্ণ ঝেড়ে ফেলতে পারছে না বিষয়টি। বিরোধীদের কাছেও রয়েছে এই ব্রহ্মাস্ত্র। বিজেপি নেতৃত্ব বিষয়টিকে নিয়ে জাতীয় স্তরে সরব হয়েছে। মন্ত্রী অখিলের পদত্যাগের দাবি তুলে তৃণমূলকে আদিবাসী বিরোধী বলেও আক্রমণ চালাচ্ছে গেরুয়া শিবির। তাঁদের দাবি এই মূর্তি স্থাপন নেহাতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।

এই পরিস্থিতিতে আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলায় মুখ্যমন্ত্রীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বীরসা মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের কাছে বীরত্বের প্রতীক, তাদের কাছে গর্বের বিষয় তাঁদের ভূমি পুত্র। আর তাই আবেগের রাজনীতি করছেন বলে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে তাঁর মূর্তি স্থাপন করে রাজ্য সরকারের ভাবমূর্তি ফেরানোই আপাতত লক্ষ্য মুখ্যমন্ত্রীর। অখিলের করা মন্তব্য নিয়ে আদিবাসী অধ্যুষিত জেলাতেই হয়তো মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য তুলে ধরবেন। কারণ শুক্রবার নন্দীগ্রামে অখিলের করা মন্তব্যের পর থেকে এখনও পর্যন্ত সেই বিষয়টি নিয়ে নীরব রয়েছেন মমতা।
বীরসা মুন্ডার পাঁচটি মূর্তি উদ্বোধন, অখিলের মন্তব্যে ভাবমূর্তি ফেরাতে ময়দানে মুখ্যমন্ত্রী



তবে নবান্নের জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বীরসা মুন্ডার মূর্তি উদ্বোধনের সঙ্গে অখিলের মন্তব্যের কোনও সম্পর্ক নেই। কারণ মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠান পূর্ব নির্ধারিত ছিল বলেই জানাচ্ছেন তাঁরা। কাকতালীয় ভাবে কারামন্ত্রী বক্তব্য টি মিলে গিয়েছে বলে মনে করছেন তাঁরা। তবে এই প্রসঙ্গে ঝাড়খণ্ড থেকেই যে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী এব্যাপারে কোন সন্দেহ নেই।







