নজরবন্দি ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন। বর্তমানে কলকাতা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের বড় বড় পুজো প্যান্ডেল গুলি প্রস্তুতি শেষের পথে। কিন্তু এখনও পর্যন্ত পুজো মণ্ডপ গুলির উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দিষ্ট তারিখ বা সময় কোনোটাই পায়নি উদ্যোক্তারা। তাঁরা প্রত্যেকেই মণ্ডপ উদ্বোধনের জন্য অপেক্ষা করে আছেন।
আরও পড়ুন: Firhad Hakim: পরিকল্পনা করে মন্ত্রীদের হেনস্থা করছে CBI, আশঙ্কা সত্যি হল ফিরহাদের!


জানা যাচ্ছে, এখনও অবধি কাউকেই নিশ্চিত করে সময় দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গত কয়েক বছরই মহালয়া থেকেই শহরের বড় বড় পুজো মণ্ডপ গুলি উদ্বোধনের শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবছর এখনও পর্যন্ত সেই বিষয়ে কিছুই জানানো হয়নি পুজো উদ্যোক্তাদের। আর দিনক্ষণ না জানানোয় ফলেই রীতিমত দুশ্চিন্তায় পড়েছেন কলকাতার বড় বড় পুজো মণ্ডপের উদ্যোক্তারা। কিন্তু শহরের পুজোগুলিকে সময় না দিলেও ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোগুলির উদ্বোধন করবেন বলেই জানিয়ে দিলেন মাননীয়া।

সূত্রের খবর, নবান্নের বদলে চলতি মাসের ১২ তারিখ নিজের কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই বিকেলবেলার দিকে নিজের বাড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোগুলির উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী। কিন্তু কলকাতার পুজোগুলির উদ্বোধনের বিষয়টি কী হবে, তা এখনও পরিষ্কার নয়। উল্লেখ্য, গতবছর জেলার প্রায় সাড়ে আটশো দুর্গাপুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই সংখ্যাটা এবছর হাজার কিংবা আরও বেশি ছাড়িয়ে যেতে পারে বলেই সূত্রের খবর।



প্রসঙ্গত, বিদেশ সফর থেকে ফিরেই গৃহবন্দি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চোটের কারণেই এই মুহূর্তে বাড়িতে বিশ্রামে আছেন তিনি। বাড়ি থেকে সমস্ত প্রশাসনিক কাজকর্ম সারছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই পায়ের এই চোট নিয়ে কিভাবে কলকাতার পুজোগুলির উদ্বোধন করবেন, তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন সুজিত বসু, ফিরহাদ হাকিমরা।
ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন, কিন্তু কলকাতার পুজোগুলির উদ্বোধনের বিষয়টি কী হবে, তা এখনও পরিষ্কার নয়








