নজরবন্দি ব্যুরোঃ শীতলকুচি কাণ্ডের তদন্তে আগামীকাল এলাকা পরিদর্শনে সিআইডির বিশেষ দল। রাজ্যে নির্বাচন চলাকালীন একের পর হিংসা ও অপ্রীতিকর ঘটনা শোনা যাচ্ছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। যার মধ্যে প্রধানভাবে উল্লেখযোগ্য কোচবিহারের শীতলকুচি। সেখানে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান ৫ জন গ্রামবাসী। রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই নিজের কথামত এই ঘটনার তদন্তে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্তের দায়িত্ব তুলে দিয়েছেন সিআইডির হাতে।
আরও পড়ুনঃ কেন্দ্রের মুখাপেক্ষী আর নয়, ভ্যাকসিনের চাহিদা মেটাতে গ্লোবাল টেণ্ডার রাজ্যের।


ইতিমধ্যেই সিআইডির ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সেই দল এবার ঘটনার পূর্ণ তদন্তের উদ্দেশ্যে আগামীকাল শীতলকুচি যাচ্ছে বলেই সূত্রের খবর। গোয়েন্দা সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে ডিআইজি সিআইডি-র নেতৃত্বে এই বিশেষ দল জোরপাটকির যে বুথে গুলি চলেছিল, সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে। তা ছাড়া স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হবে। অর্থাত্ সিআইডির সামনে হাজিরা দিয়ে মাথাভাঙা থানার অফিসার ইনচার্জ ও শীতলখুচি-কাণ্ডের তদন্তকারী অফিসার যে বয়ান দিয়েছেন, সেই তথ্যের সত্যতা যাচাই করবেন আধিকারিকরা।
এ ছাড়াও ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করেছে সিআইডি। সিআইডি সূত্রে খবর, শীতলখুচির জোরপাটকির যে বুথের বাইরে গুলি চলেছিল, সেখানে কর্তব্যরত ছিলেন ওই ৬ জওয়ান। তাঁদের মধ্যে একজন ডেপুটি কমান্ড্যান্ট ও একজন ইনস্পেক্টরও রয়েছেন। কী কারণে তাঁরা গুলি চালিয়েছিলেন, সেই বিষয়ে জওয়ানদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি-র বিশেষ দল।
শীতলকুচি কাণ্ডের তদন্তে আগামীকাল এলাকা পরিদর্শনে সিআইডির বিশেষ দল। তবে ইতিমধ্যে একাধিকবার তলব করা হলেও তাদের দেখা মেলেনি। তাই আগামীদিনে তলব না মানলে ওই জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সিআইডি সূত্রে জানা যাচ্ছে।









