নজরবন্দি ব্যুরো: বোমা ফেটে মৃত সিআইডি অফিসার, ভোট শেষ কিন্তু ভোট সন্ত্রাসের বাদ্যি এখনও বাজছে। আগামীকাল ভোট গণনা। কিন্তু তাঁর আগেই প্রাণ হারালেন সিআইডির এক অফিসার। অষ্টম দফায় উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আচমকাই ফেটে যায় বোমা। প্রাণ হারান সিআইডি অফিসার। প্রয়াত পুলিশ কর্মীর নাম জয়ন্ত বল। আইসিইউ তে গুরুতর যখম অবস্থায় লড়ছেন তাঁর এক সহকর্মী।
আরও পড়ুনঃ করোনায় মৃতদের শেষকৃত্য অন্তত ফ্রি করুন, সরকারকে আবেদন সনুর!


শুক্রবার নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ অঞ্চলের রানাভুটিয়া এলাকায় ড্রাম ভর্তি বোমা দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয় থানায়। থানা থেকে সেই খবর চলে যায় সিআইডির বোম্ব স্কোয়াডের কাছে। সিআইডি এসে ড্রামভর্তি বোমা উদ্ধার করে নিয়ে যায়। আজ শনিবার সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চলছিল। বোমাগুলি নিষ্ক্রিয় করছিলেন অরবিন্দ সাহা এবং জয়ন্ত বল।
নিষ্ক্রিয় করার সময় আচমকাই হাত ফসকে একটি বোমা পড়ে যায় মাটিতে। সাথে সাথেই বিস্ফোরন। বোমাটি ফাটার তীব্রতায় ড্রামে থাকা আরও কয়েকটি বোমা একসাথে ফেটে যায়। ভয়াবহ দুর্ঘটনায় জয়ন্ত বল এবং অরবিন্দ সাহা গুরুতর জখম হন। জয়ন্ত বলের শরীরের নিচের অংশ গুরুতত জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে অস্ত্রপচার করে বাদ দেওয়া হয় তাঁর পা। কিন্তু শেষ রক্ষা হয়নি। কিছুক্ষন পরেই মারা যান তিনি।
বোমা ফেটে মৃত সিআইডি অফিসার জয়ন্ত বাবুর সহকর্মী অরিন্দম সাহার মুখে আঘাত লেগেছে। তাঁর চোখ নষ্ট হয়ে গিয়েছে বলে খবর। এই মুহুর্তে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা আপ্রান চেষ্টা করছেন অরিন্দম বাবুকে সুস্থ করে তোলার।









