নজরবন্দি ব্যুরোঃ আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ অগস্ট নীতি আয়োগের একটি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বৈঠকের সভাপতিত্ব করবেন নীতি আয়োগের চেয়ারপার্সন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার। দলীয় সাংসদদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।
আরও পড়ুনঃ ‘ষড়যন্ত্র হলে পাঁচ দিন পরে বলছেন কেন? আদালতে প্রমাণ করুন!’ পার্থকে খোঁচা কুণালের।
এর পাশাপাশি দেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি দেখা করতে পারেন। সংসদ ভবন চত্বরেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। ৮ অগাস্ট বিকেলে কলকাতায় ফেরার কথা তাঁর৷ কয়েকদিন আগেই এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মমতা৷

যদিও এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমতো তৎপর হয়েছে ইডি৷ এই অবস্থায় ৭ অগস্ট নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দেবেন মমতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বৈঠকের সভাপতি। রাজ্যের দাবি-দাওয়া নিয়ে মমতা মোদির সঙ্গে আলাদা ভাবে বৈঠক করবেন কি না, তা এখনও জানা যায়নি। তবে মোদী-মমতার এই সাক্ষাৎ নিয়ে বিরোধী বামেরা কটাক্ষ করে তৃণমূল এবং বিজেপি-কে অস্বস্তিতে ফেলার চেষ্টা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বৈঠক হতে পারে মোদীর সাথে
যদিও তৃণমূল এবং রাজ্য সরকারি সূত্রে দাবি করা হচ্ছে, যদি এই বৈঠক হয় তাহলে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই৷ রাজ্যের দাবি দাওয়া নিয়েই প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী৷



