নজরবন্দি ব্যুরোঃ ঐতিহ্যবাহী বেথুন কলেজিয়েট স্কুলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বঙ্গরত্ন পুরস্কার। বুধবার স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শবরী ভট্টাচার্যের হাতে ওই পুরস্কার তুলে দেন তিনি।
আরও পড়ুন: বাড়ছে অস্বস্তিকর গরম! সকাল থেকেই বঙ্গে তাপপ্রবাহ, উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, শিক্ষাসচিব মণীশ জৈন, কলকাতার নগরপাল বিনীত গোয়েল প্রমুখ। আর ১৭৫ বছরে পা দেওয়া সেই বেথুন স্কুল। দেশের প্রথম সরকারি বালিকা বিদ্যালয়কে নারীশিক্ষায় ধারাবাহিক ঐতিহ্যের স্বীকৃতিস্বরূপ ‘বঙ্গরত্ন’ পুরস্কার দিলেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বঙ্গরত্নের ২ লক্ষ টাকা ছাড়াও স্কুলের উন্নয়নে শিক্ষা দপ্তরের তরফে ১০ লক্ষ টাকা অনুদানের কথাও ঘোষণা করেন মমতা। মনে করিয়ে দেন স্কুলের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তার না হলে সমাজ এগোতে পারে না। এই স্কুলের প্রথম সম্পাদক বিদ্যাসাগর মহাশয়ই নারীশিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, বিধবাবিবাহের প্রচলন করেছিলেন।’’
বেথুন স্কুলকে বঙ্গরত্ন দিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে অনুদানও

উল্লেখ্য, ১৮৪৯ সালের ৭ মে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ফিমেল স্কুল। তাঁর প্রধান সহযোগী ছিলেন রামগোপাল ঘোষ এবং মদনমোহন তর্কালঙ্কার। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বাড়ির বৈঠকখানায় এই স্কুলের সূচনা হয়। স্কুলের প্রথম সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ক্যালকাটা ফিমেল স্কুলেরই পরে নাম হয় বেথুন কলেজিয়েট স্কুল।




