এসআইআর (SIR) ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশ শুরু হয়েছে, আর এখন ঘরে বসেই নিজের মোবাইল ফোনে দেখে নেওয়া যাবে আপনার নাম তালিকায় রয়েছে কি না। নির্বাচন কমিশন জানিয়েছে, অনলাইনে নাম বা ভোটার পরিচয়পত্র নম্বর (EPIC) লিখলেই জানা যাবে ভোটার তালিকায় নাম আছে কিনা, সংশোধন হয়েছে কিনা বা বাতিল হয়েছে কিনা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বাদ পড়া ভোটারের সংখ্যা সামনে আসতে শুরু করায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট ভোটার ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। সংশোধনের পর প্রকাশিত চূড়ান্ত এসআইআর তালিকায় মোট প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

জেলা ভিত্তিক হিসেবেও বাদ পড়া ভোটারের সংখ্যা সামনে আসছে। কমিশন সূত্রে খবর, বাঁকুড়া জেলায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে এবং এসআইআর তালিকা ইতিমধ্যেই জেলাশাসকের হাতে পৌঁছে গিয়েছে। একইভাবে নদিয়া জেলায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে।
উত্তর কলকাতাতেও ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন হয়েছে। সেখানে মোট ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে খসড়া তালিকায় বাদ পড়েছিল প্রায় ৩ লক্ষ ৯০ হাজার নাম, আর চূড়ান্ত তালিকায় অতিরিক্ত প্রায় ১৭ হাজার নাম বাদ গিয়েছে।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, লজিক্যাল ডিসক্রেপেন্সি-র কারণে প্রায় ৬০ লক্ষ নথি এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


অন্যদিকে আলিপুরদুয়ার জেলা প্রশাসন জানিয়েছে, সেখানে চূড়ান্ত তালিকায় মোট ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জন ভোটারের নাম রয়েছে। এর মধ্যে ৮০ হাজার ৪৯৪টি আবেদন এখনও অমীমাংসিত, বাদ পড়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম, এবং নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ৪ হাজার ১৪৩ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুরের পর থেকেই অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে। সেখানে প্রতিটি নামের পাশে স্পষ্টভাবে উল্লেখ থাকবে— আবেদনটি মীমাংসিত, অমীমাংসিত নাকি বাতিল।

ভোটাররা একাধিক মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট এবং ECINet অ্যাপে চূড়ান্ত তালিকা পাওয়া যাবে।
এ ছাড়া জেলা ভিত্তিক তথ্য জানার জন্য প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে নাম বা EPIC নম্বর লিখে সহজেই নিজের ভোটার তথ্য দেখা যাবে বলে জানিয়েছে কমিশন।








