বাংলাদেশে ফের রক্তাক্ত রাত। চট্টগ্রামে এক অটোচালককে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবকের নাম সমীর দাস (২৮)। রবিবার গভীর রাতে চট্টগ্রামের দাগনভুঁইয়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অটো নিয়ে বাড়ি ফিরছিলেন সমীর। সেই সময় দাগনভুঁইয়ার বাজার সংলগ্ন এলাকায় আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতী। অভিযোগ, প্রথমে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সমীর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খুনের পর দুষ্কৃতীরা সমীরের অটোটি ছিনতাই করে পালিয়ে যায় বলেও অভিযোগ।


পূর্বপরিকল্পিত খুনের সন্দেহ পুলিশের
এই ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন দাগনভুঁইয়া থানা-র আধিকারিকরা। পুলিশের এক আধিকারিক বলেন,
“সমীরকে দেশি অস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। খুনের পর অভিযুক্তরা অটোটি নিয়ে পালিয়েছে। তাদের ধরতে তল্লাশি অভিযান চলছে।”
সংখ্যালঘু হামলার আবহে বাড়ছে উদ্বেগ
জুলাই আন্দোলনের পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে অভিযোগ উঠছে। যদিও সমীর দাসের হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবু গোটা ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এই আবহে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের দাবি, ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের আগে সাম্প্রদায়িক হিংসার ঘটনা বাড়ছে।


নজরদারিতে নয়াদিল্লি
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,
“বাংলাদেশে সংখ্যালঘুদের পাশাপাশি তাঁদের বাড়িঘর, প্রতিষ্ঠান ও ব্যবসার উপর চরমপন্থীদের হামলার একটি উদ্বেগজনক ধারা লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলির দ্রুত ও কঠোর মোকাবিলা করা প্রয়োজন।”
চট্টগ্রামের এই হত্যাকাণ্ডের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং অভিযুক্তরা কত দ্রুত ধরা পড়ে, সেদিকেই তাকিয়ে বাংলাদেশ জুড়ে উদ্বিগ্ন মানুষজন।







