নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহেই একধাক্কায় ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এবার কোপ পড়ল একগুচ্ছ ওয়েবসাইটে। যদিও চিনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। রবিবারই একথা ঘোষণা করা হয়েছে।
‘শিখ ফর জাস্টিস’ নামে একটি খালিস্তানপন্থী গ্রুপের বিরুদ্ধে এই অ্যাকশন নেওয়া হয়েছে। মূলত আমেরিকা, ব্রিটেন ও কানাডার কিছু শিখ সম্প্রদায়ের সদস্য এই ওয়েবসাইটগুলি চালাত।
কারা এই শিখ ফর জাস্টিস? ২০০৭ সালে তৈরি হয় এই গ্রুপ। মূলত মার্কিন মুলুকে থাকা শিখরাই এই গ্রুপটি বানিয়েছিলেন। স্বাধীনতার দাবি তুলে ভারত থেকে পাঞ্জাবকে আলাদা করতে উসকানিও দিয়ে থাকে এই গ্রুপ। সেই কারণেই এর ৪০টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বলেন, “বেআইনি কার্যকলাপ সুরক্ষা আইন অনুযায়ী শিখ ফর জাস্টিস একটি বেআইনি সংগঠন। সমর্থক জোগাড় করতে নানা ধরনের প্রচার চালায় এরা।
সেই কারণেই তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৩ এ নম্বর ধারায় এদের ৪০টি ওয়েবসাইট ব্লক করে দেওয়া হল। স্বরাষ্ট্রমন্ত্রক এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের যৌথ সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”








