নজরবন্দি ব্যুরো: মারা গিয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্র। স্ত্রীর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কাকু। এদিকে প্যারোলে মুক্তি পেয়েও শান্তি নেই! কাকুকে চোখে চোখে রাখছে কেন্দ্রীয় বাহিনী। ব্যাপারটা কী?
আরও পড়ুন: বিজেপিই বুথে কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, কমিশনকে পাল্টা দিলেন সুকান্ত


মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাণী ভদ্রের। এরপরেই আদালতের দ্বারস্থ হয়ে প্যারোলে মুক্তির দাবি জানান সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর আবেদন মঞ্জুর করে আদালত। কিন্তু কাকুকে প্যারোলে মুক্তি দেওয়ার বিরোধিতা করেছিলেন ইডির আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, ‘কালীঘাটের কাকুকে এমনি এমনি প্যারোলে ছাড়া ঠিক হবে না। দরকার সর্বক্ষণ নজরদারি। নাহলে তথ্য প্রমাণ বিকৃত করা হতে পারে’। আর ইডির আইনজীবীর কথা মানেই কাকুর বাড়ি ‘রাধারাণী ভবন’-এ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে ভেতরে ৩ জন ও বাইরে ১ জন জওয়ান পাহারা দিচ্ছে কাকুকে।

প্রসঙ্গত, গত ৩১ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির সময় থেকেই অসুস্থ ছিলেন স্ত্রী বাণী ভদ্র। এরপর গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। একসময় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি দফতরের কর্মী ছিলেন কাকু। তাই এই মুহূর্তে কাকু ইডির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি।



উল্লেখ্য, বাড়িতে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছাড়াও কাকু বাড়ির থেকে ১০ কিলোমিটার পরিধির বাইরে যেতে পারবেন না এবং আগামী ১৭ জুলাই তাঁকে প্রেসিডেন্সি জেলে ফিরতে হবে বলেও নির্দেশিকা জারি করেছে আদালত।
প্যারোলে মুক্তি পেয়েও শান্তি নেই, কাকুকে চোখে চোখে রাখছে কেন্দ্রীয় বাহিনী








