নজরবন্দি ব্যুরো: শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। প্রকাশিতও হয়ে গিয়েছে ফলাফল। এদিকে নির্বাচন পরবর্তী সময়েও পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে হিংসার ঘটনা সামনে এসেছে। যে কারণে কেন্দ্রীয় বাহিনী এখনও রাজ্য ছেড়ে যায়নি। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানালেন, আরও আরও ১০ দিন বঙ্গে বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন: মণিপুর নিয়ে উত্তাল সংসদ, ধর্নায় অভিষেক, পাশে থেকেও দূরে অধীর!


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছিল যে, একসঙ্গে সব বাহিনী প্রত্যাহার না করে নিয়ে দফায় দফায় বাহিনী প্রত্যাহার করলেই ভালো হয়। সেই অনুযায়ী সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন চাইছে তখন আরও ১০ দিন বাহিনী রেখে দেওয়া হোক’। তবে, যে ক’দিনই বাহিনী থাকুক না কেন রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যেন বাহিনীর যথাযথ সমন্বয় থাকে এ বিষয়টিতেও জোর দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাই ৮২২ কোম্পানির বাহিনী রাজ্যে ভোটের দিন মোতায়েন করা হয়েছিল। তা সত্ত্বেও রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক হিংসায় মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু ছাড়াও ভোটে কারচুপি, ব্যালট নষ্টের মতো ঘটনাআ আকছাড় ঘটেছে বলে বিরোধী পক্ষের অভিযোগ ছিল। তাহলে বাহিনী এনে লাভ কী হল? বিরোধীরা সেক্ষেত্রেও বলে, বাহিনীকে আসলে ঠিক মতো কাজে লাগায়নি রাজ্য নির্বাচন কমিশন। সব মিলিয়ে বাহিনী নিয়ে অসন্তোষের মধ্যেই আরও ১০ দিন বাহিনীকে রাজ্যে রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।











