নজরবন্দি ব্যুরো: কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নাম জড়িয়েছে। তাঁকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার আরও একটি কেন্দ্রীয় এজেন্সির নজরে এলেন আইনমন্ত্রী। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই মলয় ঘটকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল।
আরও পড়ুন: নতুন নতুন উপায়ে সাইবার লুট প্রতারকদের! জালিয়াতির শিকার সল্টলেকের প্রবীণ দম্পতি
সূত্রে খবর, কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে মলয় ঘটকের (Moloy Ghatak)। যেদিন ওই অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সময় থেকে এখনও পর্যন্ত সমস্ত নথি চাওয়া হয়েছে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে নথি ব্যবহার করা হয়েছে সেগুলিও চেয়েছে তদন্তকারী সংস্থা। আইনমন্ত্রী (Law Minister of West Bengal) ছাড়া তাঁর পরিবারের সদস্য সহ ৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর ওই বেসরকারি ব্যাঙ্কের এক আধিকারিককেও তলব করেছে সিবিআই (CBI)।

কয়লা পাচার মামলায় মলয় ঘটককে ১২ বার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু মন্ত্রীর হাজিরার সংখ্যা ১। ১১ বার বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। ইডির তলব এড়াতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয় ঘটক। তবে আদালতের রায়ে খানিক অস্বস্তিই বেড়েছে তাঁর। দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানায়, ‘ইডির ১২ বার তলবে মন্ত্রীর হাজিরার সংখ্যা ১। তাঁকে রক্ষাকবচ দেওয়া যাবে না।’ কয়লা পাচার মামলায় দুটি আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মলয় ঘটক। প্রথমত, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করা হোক। দ্বিতীয়ত, দিল্লিতে নয়, ইডি যেন তাঁকে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করে।

দিল্লি হাইকোর্ট বংলার মন্ত্রীর দ্বিতীয় আবেদনটি মেনে নিয়েছে। নির্দেশ দেওয়া হয়, মলয় ঘটককে কলকাতায় তলব করতে হবে। পাশাপাশি তলব করার ২৪ ঘণ্টা আগে আইন মন্ত্রীকে নোটিস দিতে হবে। সেই নোটিসের কপি কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য সচিবকে পাঠাতে হবে।
কয়লা পাচার মামলায় ফের বিপাকে মলয় ঘটক! আইন মন্ত্রীর ব্যাংকের নথি চেয়ে পাঠাল CBI

উল্লেখ্য, ২০২১ সালে কয়লা পাচার মামলায় নাম জড়ায় মলয় ঘটকের। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ১২ বার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মন্ত্রীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হত। মাত্র একবার হাজিরা দিয়েছিলেন তিনি।



