শেষ হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদীর ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল সিবিআই। আদালতে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, গ্রুপ সি,গ্রুপ ডি, নবম-দশমে তদন্ত শেষ। আগামী ১৫ জানুয়ারি থেকে এই মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে।
আরও পড়ুন: শাহজাহান শেখের বিরুদ্ধে এবার খুনের অভিযোগ, হাই কোর্টে দায়ের মামলা, CBI-NIA তদন্তের দাবি
সুপ্রিম কোর্টের তরফে সিবিআইকে তদন্ত শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়া হয়। গত বছর নভেম্বরে বলা হ্য, দু’মাসের মধ্যে সম্পন্ন করতে হবে তদন্ত। পাশাপাশি, এই মামলার জন্য কলকাতা হাই কোর্টে গঠিত হয় একটি বিশেষ বেঞ্চ। এখানেই SSC নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ করার নির্দেশ ছিল শীর্ষ আদালতের তরফে। সেই মোতাবেকই বিশেষ ডিভিশন বেঞ্চ রিপোর্ট জমা দিল সিবিআই।

প্রসঙ্গত, সোমবারই আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও আরও ৬ জনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে। চার্জশিটে আরও বলা হয়েছে, কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙা সহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ হাজার পাতার নথি, সমস্তটাই আর্থিক লেনদেন সংক্রান্ত। এছাড়া নগদ টাকা, জমির দলিল, ১৪টি মোবাইল, ৪টি ল্যাপটপ এবং বেশ কয়েকটি হার্ড ডিস্ক উদ্ধারের কথাও চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই।

সম্পন্ন হয়েছে SSC নিয়োগ দুর্নীতির তদন্ত, হাই কোর্টে জানাল CBI
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার হয়েছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। এবারের চার্জশিটে নাকি নাম রয়েছে এক আমলার। এখন এই চার্জশিটের পরিপ্রেক্ষিতে বিশেষ ডিভিশন বেঞ্চ আগামী ১৫ জানুয়ারি কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।




