নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার ভাঙড়ের ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লাকে তলব করল সিবিআই। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ ছিলেন শাহজাহান। শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি শাহজাহান মোল্লার বাড়িতে অভিযান চালায় সিবিআই। ভাঙড় থানার শাকশহর পুকুর গ্রামে তৃণমূল নেতা শাজাহান মোল্লার বাড়ি। সেই গ্রামে তাঁর বিরাট তিনতলা বাড়ি। সেখানে গিয়ে শাহজাহান এবং তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। এমনটাই সূত্রে খবর। সেই সময় শাহজাহান মোল্লার বক্তব্য ছিল সিবিআই ব্যাঙ্কের নথি সহ একাধিক তথ্য দেখতে চেয়েছে। আগামী দিনে সমস্ত রকমভাবে সহযোগিতার জন্য প্রস্তুত। এমনটাই জানিয়েছেন তিনি।

অভিযোগ, মেয়ে সহ পরিবারের একাধিক সদস্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন শাহজাহান মোল্লা। এই শাহজাহান ক্যানিং পূর্বে বিধায়ক সওকত মোল্লারও ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। এদিন তাঁকে তলব করল সিবিআই। সূত্রের খবর, সকাল ৭ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছেন শাহজাহান। তবে এখন কোথায় তিনি? তা নিয়ে প্রশ্ন জাগছে।
শাহজাহান মোল্লাকে তলব করল সিবিআই, পার্থ ঘনিষ্ঠ নেতার থেকে কী খুঁজছে সিবিআই?

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিক তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে। এর মধ্যে অনেকেই জেলে রয়েছেন। গত মঙ্গলবারই ভাঙড়ে নথি পোড়ানোকে কেন্দ্র করে হইচই শুরু হয়। উপস্থিত হন সিবিআই কর্তারা। সেখানে এখন নতুন করে যুক্ত হয়েছে ভাঙড়ের এই তৃণমূল নেতার নাম। তবে কি আগামী দিনে তিনিও গ্রেফতার হতে পারেন? জাগছে প্রশ্ন।








