নজরবন্দি ব্যুরোঃ বগটুই গণহত্যায় সিবিআই তদন্ত হোক। শুক্রবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। নন্দীগ্রাম মামলার পরেও এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। বাগটুই-কাণ্ডের রায়ে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য যেন সহযোগিতা করে।


দু’দিন আগেই এই মামলা স্বতঃস্ফুর্তভাবে গ্রহণ করেছিল আদালত। ঠিক দুই দিনের মাথায় রায় দান করল কলকাতা হাইকোর্ট। এর আগে বুধবার রাজ্য পুলিশের সিট বা বিশেষ তদন্তকারী দলের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট। হাইকোর্টের তরফে ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর তুলে দেওয়া হয়। ৭ তারিখের মধ্যে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি জানাতে হবে আদালতকে।

এদিন আদালতের তরফে বলা হয়েছে, যেভাবে গোটা ঘটনা সমাজের ওপর একটা প্রভাব ফেলেছে সেখানে রাজ্য সরকারের কোনও তদন্তকারী সংস্থার ওপর আর ভরসা করা যায় না। তাই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে চায় আদালত। পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এসআইটি গঠন করা হয়েছে, তাঁরা আর তদন্তের মধ্যে থাকবে না। একইসঙ্গে সিবিআইয়ের হাতে ধৃতদের তুলে দেওয়ার কথা জানানো হয়েছে।


বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ, তদন্ত বন্ধ করুক সিট
গতকালই মামলাকারীদের তরফে সঞ্জয় সিং এবং জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন মামলাকারীর আইনজীবীরা।
ঘটনার সঙ্গে জড়িত সমস্ত পুলিশ কর্মী, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এমনকি রাজ্য পুলিশের ডিজিকে প্রয়োজন পড়লে জিজ্ঞাসাবাদের জন্য দাবী তুলছেন মামলাকারীদের আইনজীবীরা।







