কানাডার স্কুলে রক্তাক্ত হামলা: গুলিতে নিহত অন্তত ১০, পুলিশের জবাবি গুলিতে মৃত্যু আততায়ী

কানাডার টাম্বলার রিজে সেকেন্ডারি স্কুলে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু, আহত ২৫—পুলিশের জবাবি গুলিতে খতম হামলাকারী, এলাকায় জারি সতর্কতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্লাস চলাকালীন আচমকা বন্দুকবাজের হামলায় রণক্ষেত্র হয়ে উঠল স্কুল চত্বর। মুহূর্তের মধ্যে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে। কানাডার টাম্বলার রিজ এলাকার একটি সেকেন্ডারি স্কুলে এই ভয়াবহ হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ। পুলিশের জবাবি গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার অন্যান্য দিনের মতোই স্কুলে ক্লাস চলছিল। স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ এক বন্দুকবাজ আচমকা স্কুলে ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে প্রাণ বাঁচাতে যে যেদিকে পারেন ছুটতে থাকেন ছাত্রছাত্রী ও শিক্ষকরা।

এই হামলায় ঘটনাস্থলেই অন্তত ১০ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও অন্তত ২৫ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলার পর পুলিশের জবাবি গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

তবে হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, পালটা গুলিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে পুলিশ। এক বিবৃতিতে জানানো হয়েছে, টাম্বলার রিজ এলাকার বাসিন্দারা যেন দরজা-জানালা বন্ধ রেখে নিরাপদে থাকেন এবং অযথা বাইরে বের না হন। পাশাপাশি, সবাইকে এলাকা এড়িয়ে চলতে ও পুলিশের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত