নজরবন্দি ব্যুরোঃ ২০১৪ সালের প্রাথমিক টেটের সমস্ত প্রার্থীকে ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর দেওয়া হবে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের নির্দেশ, ইতিমধ্যেই প্রশ্নভুলের কারণে অনেকেই চাকরি পেয়েছেন। এবার প্রত্যেককে ৬ নম্বর করে দিতে হবে। চাকরি দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
২০১৪ সালের প্রশ্ন ভুল মামলায় দীর্ঘ দিন ধরে জট পাকিয়ে রয়েছে। এর আগে হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করতে বলেছিলেন, প্রশ্নগুলি ভুল কি না। বিশ্বভারতী জানায়, ছটি প্রশ্ন ভুল ছিল। মামলাকারীদের ৬ নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

জটিলতা শুরু হয় এখান থেকেই চাকরি প্রার্থী বসির আহমেদের বক্তব্য ছিল, শুধুমাত্র মামলাকারীদের নয় সকলকেই নম্বর দিতে হবে। বিচারপতি হরিশ ট্যান্ডন সেই আবেদন খারিজ করে দেন। মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে, নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত সব মামলার শুনানি করে রায় দিতে হবে। অবশেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে সেই মামলার রায় দেওয়া হল।
সমস্ত প্রার্থীকে ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর দেওয়া হবে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের

সাধারণ প্রশ্ন ভুলের ক্ষেত্রে যারা ওই প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁদের নম্বর দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে হাইকোর্টের বক্তব্য, অনেক পরীক্ষার্থী ভেবে থাকতে নেগেটিভ মার্কিং-এর কথা ভেবে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেনি। তাই তাঁদের প্রত্যেককেই নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে হাজারো চাকরি প্রার্থীদের নম্বর বাড়ানো হলে নিয়োগের ক্ষেত্রে পর্ষদের জটিলতা বাড়তে পারে। নতুন করে মেধাতালিকায় প্রকাশ হবে কি না, নিয়োগ প্রক্রিয়ায় কোনও জটিলতা থাকবে কি না, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে।



