রেল সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিকল্প ব্যবস্থা ও জমির মালিকানা যাচাই না হওয়া পর্যন্ত আপাতত উচ্ছেদে স্থগিতাদেশ।
রেল জমিতে গড়ে ওঠা দোকান ও হকার উচ্ছেদ ইস্যুতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিভিন্ন স্টেশন চত্বরে চলা উচ্ছেদ অভিযান নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে আদালত জানিয়ে দিল, বিকল্প জায়গা ও প্রয়োজনীয় যাচাই ছাড়া আপাতত হকারদের উচ্ছেদ করা যাবে না। অন্তত জুন মাসের বাকি সময়ের জন্য উচ্ছেদে স্থগিতাদেশ বহাল থাকবে।
বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য-এর একক বেঞ্চে মোট ২৫টি মামলার একত্রে শুনানি হয়। বালিগঞ্জ, বারুইপুর, ডানকুনি, বনগাঁ, যাদবপুর, মথুরাপুর, গুমা-সহ একাধিক স্টেশনের হকার ও ব্যবসায়ীরা এই মামলাগুলির সঙ্গে যুক্ত।
আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে, যাঁদের আগে বসার অনুমতি দেওয়া হয়েছিল বা যাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাঁদের উচ্ছেদের আগে যথাযথ নোটিস দিতে হবে। পাশাপাশি বিকল্প জায়গার সম্ভাবনা রয়েছে কি না, তাও বিবেচনা করে আদালতকে জানাতে হবে রেল কর্তৃপক্ষকে।
শুধু তাই নয়, যেসব এলাকায় উচ্ছেদের নোটিস জারি হয়েছে, সেগুলি আদৌ রেলের মালিকানাধীন জমি কি না, সেই প্রশ্নও তুলেছে আদালত। বিচারপতির নির্দেশ, সংশ্লিষ্ট জায়গাগুলির শারীরিক যাচাই বা ফিজিক্যাল ভেরিফিকেশন করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
মামলাকারীদের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন, হঠাৎ উচ্ছেদ অভিযানের ফলে বহু মানুষের জীবিকা বিপন্ন হচ্ছে। তাঁর বক্তব্য, জীবিকার অধিকার এবং মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনায় না নিয়ে বুলডোজার চালিয়ে দোকান ভেঙে দেওয়া উচিত নয়।
আদালতে তিনি সুপ্রিম কোর্টের একাধিক পর্যবেক্ষণেরও উল্লেখ করেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে কোনও ব্যক্তি যদি সরকারি জমিতে ব্যবসা চালিয়ে থাকেন এবং প্রশাসন আপত্তি না জানায়, তাহলে পরবর্তীতে উচ্ছেদের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন।
অন্যদিকে রেলের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট জমিগুলি বহু আগে থেকেই রেলের মালিকানাধীন। তবে আদালত বিষয়টির পূর্ণাঙ্গ যাচাইয়ের উপর জোর দিয়েছে।
শুনানিতে আরও উঠে আসে বারুইপুর ও ডানকুনির মতো এলাকায় বহু পরিবার কয়েক দশক ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। কিছু ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরাও নোটিস পেয়েছেন বলে অভিযোগ করা হয়।
সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আপাতত জুন মাসের মধ্যে কোনও উচ্ছেদমূলক পদক্ষেপ করা যাবে না। এর মধ্যে জমির মালিকানা, লাইসেন্স সংক্রান্ত নথি এবং বিকল্প পুনর্বাসনের সম্ভাবনা খতিয়ে দেখতে হবে।
ফলে রেল সংলগ্ন এলাকার হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার আপাতত বড় স্বস্তি পেলেন। পরবর্তী শুনানিতে আদালতের সামনে রেলের রিপোর্ট জমা পড়ার পরই এই মামলার ভবিষ্যৎ দিকনির্দেশ স্পষ্ট হবে।



