লোকসভা নির্বাচন ঘিরে রাজ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার ১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। হাইভোল্টেজ লোকসভা ভোটের সঙ্গেই বাংলায় দুই কেন্দ্রে উপনির্বাচন (By Election in Bengal) হবে। ভগবানগোলা ও বরানগরের খালি আসনে ভোটগ্রহণ হবে। কবে কবে ভোট অনুষ্ঠিত হবে? দিন জানিয়ে দিল নির্বাচন কমিশন।



আরও পড়ুন: ৭ দফায় হবে লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকে, ফলাফল ৪ জুন
শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) সঙ্গেই উপনির্বাচন হবে। বাংলায় দুটি আসনে উপনির্বাচন (By Election) প্রয়োজন। দু দফায় এই দুই আসনে ভোটগ্রহণ চলবে। তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে মুর্শিদাবাদের ভগবানগোলায় উপনির্বাচন হবে। উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রে ভোট হবে সপ্তম দফায় অর্থাৎ ১ জুন। ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার তারিখ ১২ এপ্রিল থেকে ১৯ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ২২ এপ্রিল। বরানগর উপনির্বাচনে মনোনয়ন জমা দিতে হবে ৭ মে থেকে ১৪ মে-র মধ্যে। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ১৭ মে। দুই কেন্দ্রের ভোট গণনা আগামী ৪ জুন।



ভগবানগোলার তৃণমূল বিধায়ক ছিলেন ইদ্রিশ আলি (Idrish Ali)। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত রোগ এবং ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বসিরহাটের প্রাক্তন সাংসদ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে বিধায়কের আসন শূন্য। আগামী ৭ তারিখ ওই কেন্দ্রে উপনির্বাচন হবে।
লোকসভার সঙ্গেই রাজ্যে ২ কেন্দ্রে উপনির্বাচন, তাপসের ছেড়ে যাওয়া আসনে ভোট কবে?

তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সদস্য ছিলেন তাপস রায় (Tapas Roy)। বরানগরের বিধায়ক ছিলেন তিনি। সম্প্রতি দলের উপর ক্ষোভ উগরে বিধায়ক সহ তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। এরপর যোগ করেন বিজেপিতে। আগামী ১ জুন এই কেন্দ্রে উপনির্বাচন হবে।







