লোকসভা ভোটের বাকি আর কয়েক মাস। তার আগে প্রথা মেনেই ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বুধবার থেকেই বাজেট অধিবেশন শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের কারণে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। আজ অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট ঘোষণা (Budget Session on 1 February) করবেন যার মেয়াদ কয়েক মাস। তবুও সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে এই বাজেট ঘিরে। জেনে নিন কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে পারে?
আরও পড়ুন: জ্ঞানবাপী মন্দিরের বেসমেন্টে পুজো করা যাবে, হিন্দুদের পক্ষে রায় আদালতের


বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, অন্তর্বর্তী বাজেটে আয়কর সংক্রান্ত একাধিক ঘোষণা হতে পারে। কেন্দ্রীয় সরকার এআইএস অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন সিস্টেমকে আরও প্রসারিত করতে পারে। তা হলে করদাতাদের সুবিধা হবে বলে অনুমান। প্রসঙ্গত, ২০২১ সালে AIS চালু করেছিল কেন্দ্র। এর মাধ্যমে করদাতারা তাঁদের আয়কর রিটার্নে কী কী তথ্য প্রদান করছেন তা জাচাই করার পাশাপাশি আয়কর প্রদানের অঙ্ক সহজেই মিলিয়ে দেখতে পারেন।

অন্তর্বর্তী বাজেটে সোনা এবং কাটা ও পালিশ করা হীরের উপর ধার্য আমদানি শুল্ক হ্রাস করার অনুরোধ করা হয়েছে। GJPEPC -র মতে, কাটা এবং পালিশ করা রত্নের উপর ধার্য আমদানি শুল্ক বৃদ্ধি করার ফলে জুয়েলারি সেক্টরে রপ্তানির পরিমাণ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।



রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অনুমান, ২০২৪ সালে ভারতের অর্থনীতি ৭ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে ব্যাঙ্কিং সেক্টরকে উন্নত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। অন্তর্বর্তী বাজেটে পেট্রল ও ডিজেলের উপর ধার্য শুল্ক কমানো হবে কি না সেদিকেও নজর রয়েছে। দেশের অর্থনীতিতে কৃষকদের অবদান অনস্বীকার্য। আসন্ন বাজেটে মানরেগার (MGNREGA) অধীনে ফান্ড বৃদ্ধি এবং কৃষকদের জন্য কোনও সুবিধাময় ঘোষণা আসতে পারে।
আজ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কোন কোন বিষয় নজরে রাখবেন?

উল্লেখ্য, অন্তর্বর্তী বাজেটে নতুন কর ব্যবস্থা প্রস্তাবনা বা স্কিমের ঘোষণা করা হয় না। এই বাজেটে সাধারণত তাৎক্ষণিক অর্থনৈতিক সমস্যার সমাধান করার প্রস্তাব উল্লেখ থাকবে। বুধবার বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানিয়েছেন, ফিরে এসে তৃতীয় বার সরকার গঠন করে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।







