খোলা থাকবে না কোনও বুকিং কাউন্টার। মেট্রোর টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ কোনওটাই হবে না কাউন্টারে। ১ অগস্ট থেকেই বুকিং কাউন্টার উঠে যাচ্ছে কলকাতা মেট্রোর তিন স্টেশনে! নিশ্চয় ভাবছেন হঠাৎ কী এমন হল যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? যাতায়াতই বা চলবে কেমন করে? পার্পল লাইনের তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশন ও অরেঞ্জ লাইনের কবি সুকান্ত মেট্রো স্টেশনকে এই প্রকল্পের অধীনে আনা হচ্ছে।

আগস্ট মাসের ১ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাহলে কী করে টিকিট কাটবেন যাত্রীরা? মেট্রোরেলের তরফ থেকে বসানো হয়েছে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন। এই মেশিনের সাহায্যে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের কিউআর কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে যাত্রীদের।



এই মেশিনগুলির সাহায্যে স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন যাত্রীরা। কলকাতা মেট্রো রেলের তরফে দাবি করা হচ্ছে, কলকাতার মেট্রো যাত্রীদের আরও স্মার্ট করে তোলার জন্যই এই সিদ্ধান্ত। এক মেট্রো কর্তার কথায়, “এমন অনেক স্টেশন রয়েছে যেখানে কর্মীরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠছেন, আর এখানে কাজ নেই বললেই চলে! তাই এই সিদ্ধান্ত।”
বুকিং কাউন্টার উঠে গেল এই তিন মেট্রো স্টেশনে, কারণ কী

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, “এই তিন স্টেশন পুরোটাই ডিজিটালে হবে। আর কোনও কাউন্টার থাকবে না। আমরা চাই যাত্রীরা আরও স্মার্ট হয়ে উঠুন।”







