দিল্লির পর আমেদাবাদেও আতঙ্ক! একাধিক স্কুলে ‘খালিস্তান’ হুমকি ই-মেল, তল্লাশিতে নেমেছে পুলিশ

দিল্লির পর এ বার আমেদাবাদের একাধিক স্কুলে ‘খালিস্তান’ হুমকি ই-মেল। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, পুলিশ তল্লাশি চালাচ্ছে, নিরাপত্তা জোরদার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্কুলে বোমা-হুমকির ই-মেল। এ বার গুজরাটের আমেদাবাদের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে ‘ভারতকে খালিস্তান বানিয়ে দেওয়ার’ হুমকি বার্তা। ই-মেল ছড়াতেই চরম সতর্কতায় পুলিশ-প্রশাসন, তড়িঘড়ি স্কুলে পৌঁছে শুরু হয়েছে তল্লাশি।

সোমবার সকালে আমেদাবাদের একাধিক স্কুলে হুমকি ই-মেল আসার খবর সামনে আসে। সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট স্কুলগুলিতে পৌঁছে যায় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ও পুলিশ বাহিনী। প্রতিটি প্রাঙ্গণে তল্লাশি চালানো হচ্ছে।

Shamim Ahamed Ads

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ই-মেল বার্তায় ভারতকে ‘খালিস্তান’ বানানোর হুমকি দেওয়া হয়েছে। একই ধরনের বার্তা ভদোদরার কয়েকটি স্কুলেও পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে গোটা এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লির একাধিক স্কুলে একই ধরনের হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। সেখানে আফজল গুরুর নাম উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে হামলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমেদাবাদে নতুন করে এই হুমকি ঘিরে উদ্বেগ বাড়ছে।

পুলিশ ইতিমধ্যেই ই-মেলের উৎস খতিয়ে দেখা শুরু করেছে। সাইবার সেলের সাহায্যে বার্তার উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে। আপাতত সব স্কুলে কড়া নজরদারি জারি রেখে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত