নজরবন্দি ব্যুরো: শুক্রবার বিধানসভায় পাশ হল উপাচার্য নিয়োগের নতুন সার্চ কমিটি বিল। বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন থেকে বেরিয়ে এই বিলের বিরোধিতা করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। এমনকি রাজভবনে গিয়ে রাজ্যপালকে বিলে স্বাক্ষর না করার অনুরোধ জানাল বিজেপির প্রতিনিধি দল।
আরও পড়ুন: মমতা থেকে অখিলেশ, রাহুলের ‘মুক্তি’ উদযাপনে ট্যুইটের বন্যা INDIA শিবিরে!


আজ বিধানসভায় ১২০-৫১ ভোটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে সার্চ কমিটি সংক্রান্ত সংশোধনী বিলটি আজ পাশ হল। বিলটি পাশ হবার সঙ্গে সঙ্গেই অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর বয়ানে, এই বিল একতরফাভাবে পাশ হয়েছে।

এরপরই বিকেলে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে রাজভবনে যান। বেরিয়ে এসে মনোজ টিগ্গা বলেন, ‘এই বিল বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার বিরোধী। এই বিল আইনে পরিণত হলে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করা হবে। আমরা রাজ্যপালকে সব জানিয়েছি। আমাদের বিশ্বাস উনি জানেন কীসে শিক্ষা ব্যবস্থার ভালো হবে আর কীসে খারাপ হবে।’



এর জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রাক্তন বিচারপতি ও প্রাক্তন সেনা আধিকারিকদের উপাচার্য পদে বসানো হচ্ছে। এঁদের কি কখনও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে? রাজ্যপাল যদি ওঁদের কথায় কাজ করেন, তা হলে তো আমরা বার বার যে অভিযোগ করেছি ‘রাজভবন বিজেপির কথায় চলছে’, তা সত্য বলে প্রমাণিত হবে।
বিধানসভায় পাশ সার্চ কমিটির বিল, আটকাতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি








