নজরবন্দি ব্যুরো: আমফানে ত্রাণ সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন রাজ্য বিজেপির নেতারা। এই অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে বিজেপি শিবিরে বড় রকমের ভাঙন ধরিয়ে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস।
রবিবার সন্ধেয় নবদ্বীপ ব্লকের মহিশুরা গ্রাম পঞ্চায়েতের গদখালী, মালিতাপাড়ায় তৃণমূলের এক সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি সমর্থক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহিশুরা গ্রাম পঞ্চায়েত প্রধান আকমল সর্দার।
ওই পঞ্চায়েতের রতন চৌধুরীর নেতৃত্বে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান ওইসব লোকজন। তৃণমূলের পতাকা তুলে নিয়ে প্রাক্তন বিজেপি কর্মী রতন চৌধুরী বলেন, এখানের প্রায় সবাই কৃষি কাজের সঙ্গে যুক্ত। বিজেপিতে ছিলাম অনেক আশা ভরসা নিয়ে। কিন্তু বাস্তবে দেখলাম উল্টো। রাজ্য জুড়ে ক্রমশ অস্থিরতা সৃষ্টি করে চলেছে এই রাজ্যের বিজেপি নেতারা। তাই মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই আমরা তৃণমূলে নাম লেখালাম।



