লোকসভায় নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ এবং তাঁর ভোটাধিকার আজীবনের জন্য বাতিল করার দাবি জানিয়ে নোটিস জমা দিয়েছেন তিনি। অভিযোগ, ভারত-বিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ রেখেছেন কংগ্রেস নেতা—এই দাবিকে ঘিরেই সংসদের রাজনীতিতে চড়ছে উত্তাপ।
বৃহস্পতিবার লোকসভায় নোটিস জমা দিয়ে নিশিকান্ত দুবে দাবি করেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বক্তব্য, বিভিন্ন বিদেশি সংস্থা ও শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তিনি দেশের স্বার্থবিরোধী কার্যকলাপে যুক্ত হয়েছেন। সেই কারণেই তাঁর সাংসদ পদ খারিজের পাশাপাশি ভোটাধিকার বাতিলের আর্জি জানানো হয়েছে।


নিশিকান্ত বলেন, এটি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নয়, বরং আলাদা ধরনের একটি প্রস্তাব হিসেবে তিনি নোটিস জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, সোরোস ফাউন্ডেশন ও ফোর্ড ফাউন্ডেশনের মতো সংস্থার সঙ্গে রাহুলের যোগাযোগ রয়েছে। পাশাপাশি থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং আমেরিকার মতো দেশে গিয়ে ভারত-বিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও তোলেন তিনি।
এই ইস্যুতে এখনও সরাসরি প্রতিক্রিয়া দেননি রাহুল গান্ধী। তবে তাঁর বোন এবং কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া বার্তা দেন। সংসদ চত্বরে তিনি বলেন, “ওদের যা খুশি করতে দিন। এতে রাহুলের উপর কোনও প্রভাব পড়বে না।”
নিশিকান্তের নোটিস ঘিরে নতুন করে রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত মিলছে। সংসদের অন্দরে এই বিতর্ক কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।










