নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করেই প্রচারে জোর দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত ভোট বেশ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতামত, ২০২১-এর বিধানসভায় বিজেপি যে ফল করেছিল তার ছায়া এবারে পড়লে রাজ্যের পাঁচ জেলায় আশানুরূপ ফল করতে পারে গেরুয়া শিবির। কিন্তু কোন অঙ্কে তাঁদের আশা পূরণ হবে?
আরও পড়ুন: ‘আধিকারিকরা দক্ষ তো?’ নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতির কড়া প্রশ্নের মুখে ED-CBI
গত বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল ৭৭ টি আসন। এর মধ্যে ৩৬ টি কেন্দ্রের গোটা এলাকাই গ্রামাঞ্চল। শহর ও গ্রাম মিশে রয়েছে এমন আসনের সংখ্যা ৯২ টি। গত বিধানসভায় এই ৯২ টি আসনের মধ্যে ৩৬ টি যায় বিজেপির ঝুলিতে। শহরকেন্দ্রিক বিধানসভাগুলির মধ্যে বিজেপি জয় পায় পাঁচটিতে। যদিও পরবর্তী সময়ে উপনির্বাচনে দিনহাটা ও রানাঘাটে পরাজিত হয় গেরুয়া শিবির। ফলে বিজেপির কাছে বিধানসভা কেন্দ্রের আসন থাকে ৭৫ টি। যার মধ্যে অধিকাংশই উত্তরবঙ্গের।

বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করলেও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে গেরুয়ার আধিপত্য দেখা দিয়েছিল। আলিপুরদুয়ারের মোট ৫ টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই জয় পায় বিজেপি। কোচবিহারের ৯ টির মধ্যে ৭ টি এবং জলপাইগুড়িতে ৭ টির মধ্যে ৪ টি আসনে জয়লাভ করে গেরুয়া শিবির। হিসেব কষলে দেখা যাচ্ছে, মাত্র তিন জেলায় বিজেপির প্রাপ্ত ভোট থেকে শহরাঞ্চলের ভোট বাদ দিলে শাসক দলের থেকে অনেকটাই এগিয়ে বিরোধী দল বিজেপি।

দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অধিকাংশ আসনে জয়লাভ করেছিল বিজেপি। বাঁকুড়ায় ১২ টি আসনের মধ্যে ৮ টিতে এবং পুরুলিয়ায় ৯ টি আসনের মধ্যে ৬ টিতে জেতে গেরুয়া শিবির। এই দুই জেলাতেও গ্রামাঞ্চলেও তৃণমূলের থেকে বিজেপির প্রাপ্ত ভোট বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব ঠিক থাকলে বিধানসভা ভোটের ফলের ছায়া পঞ্চায়েতেও পড়বে। রাজ্যের পাঁচ জেলায় ভাল ফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
পঞ্চায়েতে ৫ জেলায় ভালো ফলের সম্ভাবনা, কোন অঙ্কে মিলবে আশানুরূপ ফল




