নজরবন্দি ব্যুরোঃ মমতাকে ‘আগামী প্রধানমন্ত্রী’ সম্বোধন করে বিজেপি ত্যাগ কিষান মোর্চা সম্পাদকের। মুকুল রায়ের সপুত্র তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই তৃণমূলে ফিরতে চাওয়া বিজেপির নেতা-কর্মীরা যেন নদী পারাপারের সেতুটি খুঁজে পেয়েছে। একের পর এক বিজেপির নেতা কর্মীর গলায় শোনা যাচ্ছে ভিন্ন সুর। বিজেপি ত্যাগ করতে চাওয়া একগুচ্ছ নেতার নামের তালিকা দলে ফিরেই তৈরি করে ফেলেছেন মুকুল রায়।
আরও পড়ুনঃ আজ তারকা পতনের বর্ষপূর্তি, এখনো অধরা সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ।
এসবের মধ্যেই বিজেপিতে ফের ধাক্কা। তৃণমূলে যাওয়ার কথা জানিয়ে দলত্যাগ বিজেপির রাজ্য কিষান মোর্চার সম্পাদক আইনজীবী দেবযানী দাশগুপ্তের। আজ সকালে টুইট করে নিজের দলত্যাগের কথা জানান তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে ‘নতুন বাঙালি প্রধানমন্ত্রী বলেও সম্বোধন করেন। প্রসঙ্গত দেবযানী বরাবরই মুকুল ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাই মুকুলের প্রত্যাবর্তনের পরে তিনি যে বেসুরো গাইবেন তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে তিনি দল ছাড়লেও তিনি তৃণমূলে তাঁর যোগদান নিয়ে এখনও কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলে যোগদান করতে সক্ষম হবেন দেবযানী।
মমতাকে ‘আগামী প্রধানমন্ত্রী’ সম্বোধন করে বিজেপি ত্যাগ কিষান মোর্চা সম্পাদকের। তবে সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁর দলত্যাগ নিয়ে বিজেপি এখনও কোন প্রতিক্রিয়া দেয়নি। ইতিমধ্যেই মুকুল রায়ের পথে হেঁটে বিজেপি ছেড়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রতন ঘোষ। আর সোমবার গেরুয়া শিবির ত্যাগ করলেন নেত্রী দেবযানী দাশগুপ্ত। শোনা যাচ্ছে, নোয়াপাড়ার পরাজিত বিধায়ক অর্জুন-জামাতা সুনীল সিংও তৃণমূলের পথে। একের পর এক দলত্যাগের খবরে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। এখন দেখার আর কে কে এই তালিকায় যুক্ত হন।



