নজরবন্দি ব্যুরো: রাজ্যে ডেঙ্গু সংক্রমণ লাগামছাড়া। এবার কলকাতা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে স্বচ্ছতা অভিযান চালাল বিজেপি। নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবাসরীয় কলকাতায় এদিন নিজের হাতে ব্লিচিং ছড়ান বালুরঘাটের বিজেপি সাংসদ। পাশাপাশি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তীব্র ভাষায় কটাক্ষ করেন সুকান্ত।
আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ INDIA প্রতিনিধিদলের, তুলে দেওয়া হল স্মারকলিপি


এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে উত্তর কলকাতার ১৫ নম্বর ওয়ার্ডে পৌঁছে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা পুরসভা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ বলে স্লোগান দিতে দেখা যায় তাঁদের। একই সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডে স্বছতা অভিযান চালান গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।
![]()
স্বচ্ছতা অভিযানের মাঝেই সুকান্ত মজুমদার বলেন, ‘সরকার ডেঙ্গু নিয়ে তথ্য গোপন করছে। সঠিক তথ্য জানানো হচ্ছে না। বেসরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৮-১০ জন ডেঙ্গুতে মারা গিয়েছেন। আমরা আমাদের তরফে প্রতীকী স্বচ্ছতা অভিযান করছি। কলকাতা পুরসভা তো নিজেদের কাজ করছে না। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যেটুকু করা যায় করছি’।



অন্যদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা পুরোদমে কাজ করছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি অতীন ঘোষ। সেই প্রসঙ্গে সুকান্তর বক্তব্য, ‘ফিরহাদ হাকিমের নাম এখন ডেঙ্গু হাকিম হয়ে গিয়েছে। বিদেশে কীভাবে টাকা সরিয়ে রাখা যায় সেই নিয়েই তিনি ব্যস্ত। পুরসভার দিকে তাঁর লক্ষ্য নেই। আগামী দিনে আমরা উত্তর কলকাতার সব ব্যুরো আমরা ঘেরাও করব’।

প্রসঙ্গত, বিধানসভায় ডেঙ্গু নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বাংলাদেশ অর্থাৎ ওপার বাংলা থেকে আসা মানুষদের মাধ্যমেই রাজ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আপাতত, বাংলাদেশ থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ডেঙ্গু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রবিবাসরীয় কলকাতায় স্বচ্ছতা অভিযান বিজেপির, ফিরহাদকে ‘ডেঙ্গু হাকিম’ বলে কটাক্ষ সুকান্তর








