নজরবন্দি ব্যুরোঃ ৫ শিক্ষিকার বিষপানকে কেন্দ্র করে এই মুহুর্তে চরম উত্তাল বাংলার রাজনীতি। মমতা সরকারের জামানায় দফায় দফায় নিজেদের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষক-শিক্ষিকারা। কখনো দাবি নিয়োগের, কখনো দাবি সম বেতনের। তবে গতকালের ঘটনার পর এই মুহুর্তে এক প্রকার উত্তাল বাংলার রাজনীতি।
আরও পড়ুনঃ বিষ খাওয়া ৩ শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক, শিক্ষামন্ত্রী বলছেন ‘ওঁরা BJP ক্যাডার’


নিজেদের দাবিতে পথে নেমে গতকাল বিকাশ ভবনের সামনে বিষ পান করেছিলেন ৫ শিক্ষিকা। তিনজন ICUতে, হাসপাতাল সূত্রের খবর শরীরে গিয়েছে ৪৫ মিলিগ্রামের মতো কীটনাশক। ক্ষতি হয়েছে লিভারে, শ্বাসযন্ত্রে। আর সেই ঘটনাতেই এবার লেগেছে রাজনীতির রঙ।
এসএসকে ও এমএসকের চুক্তিভিত্তিক শিক্ষকরা নিজেদের দাবি নিয়ে শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা পথে নেমেছেন বেশ কয়েকদিন ধরেই। এর আগেই তাঁরা প্রতিবাদ করেছেন বর্তমান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে। তাতেও কোন লাভ হয়নি বলেই তাঁদের দাবি, অভিযোগ তাঁদের কথায় কোন কর্ণপাত করেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার পরেই তাঁদের বদলির প্রতিবাদে গতকাল বিকাশ ভবনের সামনে আন্দোলন করেন তাঁরা।
পুলিশের সঙ্গে বচসা শুরু হওয়ার পরেই সেখানে দাঁড়িয়েই বিষপান করেন ৫ জন। সেই ঘটনার পর থেকেই ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে পরিস্থিতি। রাজ্যের শিক্ষামন্ত্রী সমগ্র ঘটনা প্রসঙ্গে বাম জামানার SSK এবং MSK-র এর শিক্ষিকাদের সঙ্গে তৃণমূল জামানায় পাওয়া সুযোগ সুবিধার তুলনা করে লম্বা পোস্টের শেষে লিখেছেন, ‘তারপরেও যারা আন্দোলন করছেন, তারা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার।’


৫ শিক্ষিকার বিষপান, উত্তাল বঙ্গ রাজনীতি।

নিজেদের দাবিতে অনড় দাঁড়িয়ে থেকে বিষপান করেছেন যাঁরা তাঁদের প্রতি নূন্যতম সমবেদনা না দেখিয়ে, কোন পদক্ষেপ না নিয়ে এই ধরণের মন্তব্যে সকাল থেকেই বিতর্ক ছড়িয়েছে। অন্যদিকে ৫ শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, আত্মহত্যার চেষ্টা এবং সরকারি নির্দেশ অমান্য-সহ একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ।
আজ সকালেই বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছিলেন, “এ রাজ্যে সবচেয়ে কম বেতন পান শিক্ষকরা। দীর্ঘ দিন ডিএ বাড়ানো হয়নি। প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন। এ রাজ্যে সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’ সায়ন্তন বসু বলেছিলেন ব্রাত্য বসুর উচিত ত্রিপুরা যাওয়া কমিয়ে রাজ্যের সমস্যার সমাধান করা।’
এখানেই শেষ হয়নি। ঘটনায় রাজনৈতিক জলঘোলা বাড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। সূত্রের খবর অসুস্থ শিক্ষিকাদের সঙ্গে আজ দেখা করতে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার। সঙ্গে যাবেন বেশ কিছু নেতা মন্ত্রী। তবে এই মুহুর্তে জল্পনা সব মহলে বিজেপি নেতারা আদেউ সাক্ষাতের সুযোগ পাবেন কিনা অসুস্থদের সঙ্গে।
একই সঙ্গে গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। তাঁর মতে বিকাশ ভবনের সামনে বাংলার শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা গোটা বাংলাকে লজ্জিত করেছে। ঘটনায় তিনি সরাসরি মমতার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। বিকেল সাড়ে তিনটে নাগাদ এনআরএসে যাবে কংগ্রেসের প্রতিনিধি দল। এইতিমধ্যে হাসপাতালে গিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।







