নজরবন্দি ব্যুরোঃ বিজেপি প্রার্থী গোপাল সাহাকে গুলি করল কয়েকজন দুষ্কৃতী। মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে গুলি করা হয় আজ সন্ধে নামার কিছুক্ষন আগে। পুরাতন মালদার সাহাপুর বাজারে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে একদল দুষ্কৃতী। গলায় গুলি লেগেছে পদ্ম প্রার্থীর।
আরও পড়ুনঃ মাত্র ১৫ দিনে কমল ৮ শতাংশ সুস্থতার হার, ২৪ ঘন্টায় সাড়ে আট হাজার সংক্রমণ বাংলায়।


আজ পুরাতন মালদার সাহাপুর বাজারে দলীয় কর্মীদের সাথে প্রচারে বেরিয়েছিলেন গোপাল। সেখানেই তাঁকে গুলি করা হয়। তাঁকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর ব্যাপক রক্তক্ষরণ হয়েছে বিজেপি প্রার্থীর। চিকিৎসকরা জানিয়েছেন গোপাল সাহার রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে। আপাতত বিপদমুক্ত তিনি। তবে চিকিৎসার দেরি হলে অবস্থা নিয়ন্ত্রনের বাইরে যেতে পারত।
বিজেপির দাবি এই ঘটনার পেছনে রয়েছে কংগ্রেস এবং শাসক দল তৃণমূলের হাত। বিজেপির অভিযোগ ভোটে পরাজয় নিশ্চিত জেনেই কংগ্রেস এবং তৃণমূল মিলিত ভাবে এই আক্রমণ শানিয়েছে। নির্বাচন কমিশনের কাছে ঘটনার কথা পৌঁছেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।









